বিশ্ব

বাংলাদেশ-আমেরিকার বাণিজ্যে নতুন মোড় পারস্পরিক শুল্ক কমিয়ে ১৯ শতাংশে নামাল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করল আমেরিকা। পারস্পরিক শুল্ক সংক্রান্ত একটি নতুন চুক্তিতে সই করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক আরও কমে দাঁড়াল ১৯ শতাংশে।

বাংলাদেশের তরফে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হয়ে সই করেন মার্কিন রাষ্ট্রদূত ও বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার।

শুল্ক কমানোর পথে এক ধাপ এগোল ওয়াশিংটন
গত বছর ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে একাধিক দেশের উপর উচ্চ হারে পারস্পরিক শুল্ক আরোপ করেছিল। সেই সময় বাংলাদেশের পণ্যের উপর শুল্কের হার নির্ধারণ করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে ২০২৫ সালের অগাস্টে সেই হার কমিয়ে ২০ শতাংশে নামানো হয়।
নতুন চুক্তির মাধ্যমে আরও এক ধাপ কমিয়ে সেই শুল্ক ১৯ শতাংশে আনা হল।

হোয়াইট হাউস থেকে জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পারস্পরিক শুল্ক আরও শিথিল করতে প্রস্তুত।

টেক্সটাইল ও পোশাক শিল্পে বড় স্বস্তি
বাংলাদেশের রফতানির মেরুদণ্ড হল টেক্সটাইল ও পোশাক শিল্প। মোট রফতানির প্রায় ৮০ শতাংশই আসে এই খাত থেকে।
২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন এবং দেশজুড়ে অস্থিরতার জেরে এই শিল্প মারাত্মক ধাক্কা খেয়েছিল। রফতানি উল্লেখযোগ্যভাবে কমে যায়।

তবে নতুন এই বাণিজ্য চুক্তিতে আশার আলো দেখছেন শিল্পপতিরা। জানা যাচ্ছে, নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক শুল্ক সম্পূর্ণ শূন্য করার পথেও হাঁটতে পারে ওয়াশিংটন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বিশেষ কয়েক ধরনের টেক্সটাইল ও পোশাক রফতানিতে প্রত্যাশিত শুল্ক ছাড় পাওয়া যেতে পারে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্পে নতুন করে গতি আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

অর্থনৈতিক পুনর্গঠনে জোর বাংলাদেশের
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি শুধু রফতানি বাড়ানোর পথই খুলে দেবে না, বরং সাম্প্রতিক অস্থিরতার পর বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আমেরিকার বাজারে প্রবেশ আরও সহজ হওয়ায় কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.