রাজ্য

ফের পিছোল সুপ্রিম কোর্টে I-PAC মামলার শুনানি, নতুন দিন ১৮ ফেব্রুয়ারি

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল I-PAC সংক্রান্ত মামলার শুনানি। আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলাটির শুনানির নতুন দিন ধার্য করেছে শীর্ষ আদালত।

আদালত সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য ৭ দিন সময় চেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর আইনজীবীরা। সেই আবেদনের প্রেক্ষিতেই আজকের দিনটি ধার্য করা হয়েছিল। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও এদিনও মামলার শুনানি হল না।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি I-PAC-এর কলকাতার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ED। কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হয় বলে তদন্তকারী সংস্থার দাবি। তল্লাশি চলাকালীনই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, I-PAC-এর অফিস ও প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি একাধিক নথি ও ফাইল সঙ্গে করে নিয়ে যান।

এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির মতো গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ED। তবে রাজ্যের তরফে শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় দাবি করা হয়, ED-এর অনুমতি নিয়েই নথি ও ডিভাইস সরানো হয়েছিল।

শুনানির ঠিক আগের দিনই এই হলফনামা জমা পড়ায় তার জবাব দেওয়ার জন্য সময় চায় ED। সেই কারণেই প্রথমে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এদিনও মামলার শুনানি হয়নি।

এখন সব নজর ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হতে চলা শুনানির দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.