খেলাধুলা

ম্যাচের দু’দিন আগে বড় প্রশ্ন, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কি মিলবে অভিষেক শর্মাকে?

ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরাহর পর এবার কি অভিষেক শর্মা? টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ফার্স্ট বয়’ ব্যাটারকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়েই এখন বড়সড় সংশয় ভারতীয় শিবিরে। ম্যাচের ঠিক দু’দিন আগে এই অনিশ্চয়তা বাড়াচ্ছে উদ্বেগ।

ভারতীয় শিবির সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন অভিষেক। বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি পুরোপুরি ফিট ছিলেন না। সেই ম্যাচে তাঁর ব্যাট কথা বলেনি, প্রথম ওভারেই আউট হয়ে যান তিনি। আরও উদ্বেগজনক বিষয় হল, আউট হওয়ার পর আর মাঠে ফেরেননি অভিষেক। ফিল্ডিংও করতে নামেননি। শোনা যাচ্ছে, তাঁকে একপ্রকার জোর করেই প্রথম ম্যাচে খেলানো হয়েছিল।

এমনকী, দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের আয়োজিত নৈশভোজেও বেশিক্ষণ থাকতে পারেননি অভিষেক। কিছুক্ষণ পরই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার ভারতীয় দলের যে অনুশীলন ছিল, সেখানেও অনুপস্থিত ছিলেন অভিষেক শর্মা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—দু’দিন বাদে আদৌ তাঁকে পাওয়া যাবে তো?

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন এই তরুণ ওপেনার। মঙ্গলবারও সেই সমস্যাই তাঁকে ভোগায়। সেই কারণেই অনুশীলনে নামতে পারেননি তিনি। তবে ভারতীয় শিবির এখনও পুরোপুরি হাল ছাড়তে রাজি নয়।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানান,
“অভিষেকের পেটের সমস্যা এখনও রয়েছে। তবে আমরা আশাবাদী, ১২ ফেব্রুয়ারি ওকে মাঠে পাওয়া যাবে।”

তবে শেষ পর্যন্ত যদি বৃহস্পতিবার অভিষেক খেলতে না পারেন, তাহলে বিকল্প ভাবতেই হবে টিম ম্যানেজমেন্টকে। সে ক্ষেত্রে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। কিন্তু অভিষেকের মতো আগ্রাসী ওপেনারকে না পাওয়া ভারতীয় দলের জন্য যে বড় ধাক্কা হতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.