গত ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নাগপুরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই তারকা টিম মুখোমুখি হওয়ায় সকলের চোখ এখন এই টুর্নামেন্টের দিকে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের পারফরমেন্স ছিল দারুন। ভারতীয় স্পিনারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইনআপ। পাঁচদিনের ম্যাচ তিনদিনেই এক ইনিংস ও ১৩২ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া।
আগামীকাল বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। গত ম্যাচে হারের পর এখনো স্বাভাবিক হতে পারছে না অজিরা। অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে ইতিমধ্যেই দুই তারকা টিম প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এখনো আতঙ্কে আছে টিম অস্ট্রেলিয়া।
দুই দল মাঠে পৌঁছালে অজিদের কিছু প্লেয়ারকে দেখা গেল এক্সরে মেশিন লাগিয়ে পিচ পর্যবেক্ষণ করতে। গত বারের ম্যাচে স্পিনাররাই সাফল্য অর্জন করেছে। ভারতীয় স্পিনারদের পাশাপাশি অজি স্পিনার টড মার্ফিও ছিল দারুন ফর্মে। দ্বিতীয় টেস্টে অজিরা স্পিনারে আক্রমণ সাজাবে কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে অজিদের টিমে স্পিনার সংখ্যা বাড়তে পারে।
পিচের মধ্যে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং অজি অধিনায়ক প্যাট কামিন্সকে দেখা গেছে। এছাড়া স্মিথকে সাপোর্ট স্টাফদেরকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা গেছে। এমনকি স্টিভ স্মিথকে হাঁটু গেড়ে পিচ পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অজিদেরকে হারিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে আসে ভারত। ফলে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট টিম।







