নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
ভোটার তালিকা সংশোধন পর্বে একাধিক গুরুতর অসঙ্গতি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। উত্তর ২৪ পরগনার বরানগর থেকে মেটিয়াবরুজ— দু’টি পৃথক ঘটনায় নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়গুলি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)-কে বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বরানগরের ঘটনায় অভিযোগ, এক ব্যক্তির ক্ষেত্রে জন্মের আগেই ‘বার্থ সার্টিফিকেট’ ইস্যু হওয়ার মতো গুরুতর গরমিল ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, নথিতে উল্লিখিত জন্মতারিখ ও অন্যান্য তথ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। কোথাও সময়ের অস্বাভাবিক ব্যবধান, কোথাও আবার নথিভুক্ত তথ্যের সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। কমিশনের একাংশের মতে, এটি প্রশাসনিক ত্রুটি নাকি ইচ্ছাকৃতভাবে ভুয়ো নথি জমা দেওয়া হয়েছে— তা স্পষ্ট করতে পূর্ণাঙ্গ যাচাই প্রয়োজন।
অন্যদিকে, কলকাতার মেটিয়াবরুজের পার্ট নম্বর ৫৫-তে আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে শুনানি পর্বে। আব্দুল হাই নামে এক ব্যক্তির নথিতে ১০ সন্তানের উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, ১৯৮৪ থেকে ২০০৪ সালের মধ্যে সন্তানদের জন্ম হয়েছে এবং প্রত্যেকের মায়ের নাম মানোয়ারা বিবি।
কিন্তু প্রশাসনিক সূত্রে দাবি, ভাইবোনদের বয়সের ব্যবধান কোথাও মাত্র এক মাস, কোথাও ছ’মাস— যা জৈবিক ও বাস্তবতার নিরিখে অসঙ্গত। এই তথ্য ঘিরে নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট ইআরও-কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে নথিপত্র পুনর্মূল্যায়ন করে সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এক কর্তার কথায়, “যে কোনও সন্দেহজনক তথ্য যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটার তালিকার নির্ভুলতা রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব।”
ভোটার তালিকা সংশোধন পর্বে এ ধরনের অসঙ্গতি সামনে আসায় প্রশাসনিক সতর্কতাও বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশনের পদক্ষেপের দিকে নজর এখন সবার।







