অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা করাবেন বিজেপির হয়ে ? এমনই পরামর্শ দিলেন , বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ । যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা । তবে অবশ্য এসবে গুরুত্ব না দিয়ে , সৌমিত্রকে পাগল-ছাগল বলে কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল । তবে চন্দ্রনাথ সিনহার মন্তব্য , তিনি সঠিক সময় জবাব দেবেন ।
বৃহস্পতিবার শান্তিনিকেতনে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেন , “ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান। জীবনে অনেক পাপ করেছেন। দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন৷ আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মানে বিজেপির হয়ে ভিতর ভিতর ভোট করুন। তাতে আগামী প্রজন্ম ভালো থাকবে।”
পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন , “আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না৷ আপনি নিজেই আক্ষেপ করেছেন৷ মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়েই ভোট করুন। আপনাকে অস্বিত্ব রাখতে হলে, এখানে ঘরবাড়ি রাখতে হবে বিজেপির হয়ে ভোট করুন।”
তবে ছেড়ে দেওয়ার মানুষ নন অনুব্রত , সৌমিত্র খাঁর পাল্টা জবাব দিয়ে বলেন , “মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কী খায় আর পাগল কী বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম, তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। ২৩০ থেকে ২৩৫টি আসন পাব আমরা। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে? একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না।” এবিষয়ে চন্দ্রনাথ সিনহা আবার বলেন , “যা বলার অনুব্রত মণ্ডল বলেছেন। সঠিক সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”







