নিজস্ব সংবাদদাতা- এবার ক্যাম্পাস চত্বরে মাদক প্রবেশ রুখতে নয়া প্রকল্প যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ-এর।সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে বসতে চলেছে মাদক চিহ্নিতকারী যন্ত্র। যার মাধ্যমে সহজেই মাদক ধরা পড়বে এমনই মনে করেন উপাচার্য। তিনি আরো বলেছেন যে, আইনের মধ্যে থেকেই সব কিছু করা হবে।
তিনি জানিয়েছেন যে, বিমানবন্দরগুলিতে বা বিভিন্ন সংস্থাতে যে মাদক চিহ্নিত যন্ত্র গুলি বসানো হয়ে থাকে সেগুলোই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বসানো হবে। ক্যাম্পাসের মধ্যে কেউ যদি মাদক নিয়ে ঢুকতে চায় তখনই ধরা পড়বে সেই যন্ত্রে। এইভাবেই ক্যাম্পাস চত্বর থাকবে মাদক মুক্ত।
বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে বাইরের সংস্থা দ্বারা সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। সূত্রে খবর, হোস্টেল এবং ক্যাম্পাস মিলিয়ে মোট ১০ টি জায়গা চিহ্নিত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য। এরপরে ক্যাম্পাস চত্বরে মাদক সেবন আটকানোর জন্য নেওয়া হবে নয়া পন্থা।
যাদবপুরে ছাত্রের রহস্য মৃত্যুর পর এক আঙ্গুল ওঠে বিশ্ববিদ্যালয়ের দিকে। প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয়ের একাধিক ব্যবস্থার উপর। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ, মাদক সেবন, অপরাধমূলক কাজকর্মের দিকে আঙুল তুলেছেন অনেকেই। তারপর থেকেই ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য তোড়জোড় শুরু হয়। উপাচার্যের কথা অনুযায়ী মাদক-বিরোধী যন্ত্রও ক্যাম্পাসে বসানো হয় কি না, কোন প্রযুক্তির আশ্রয় নেন কর্তৃপক্ষ, সে দিকে নজর থাকবে।







