অফবিট

জাগ্রত আশাদেবী কালী! মধ্যরাতে নূপুর পরে ঘুরে বেড়ান, পুরন করেন আশা

কালনা শহরকে ‘কালী-ময়’ বললে অত্যুক্তি হবে না এতটুকু। শহরজুড়ে রয়েছে সিদ্ধেশ্বরী কালী, সাধন কালীর সাধন কুঞ্জ, আনন্দময়ী কালী, সিদ্ধান্ত কালী, সত্যনাথের কালী, সাধক যোগানন্দের কালী মন্দির।

এই শহর যে এক সময় তন্ত্রসাধনার কেন্দ্র ছিল তারও প্রমাণ মেলে। এ ছাড়াও কালনা শহরে রয়েছে সাধক কমলাকান্তের জন্মভিটে, ভবাপাগলার আশ্রম। কালী থেকেই শহরের নামকরণ কালনা কি না, তা নিয়ে চর্চা চলে আজও। পুণ্যতোয়া ভাগীরথী। বয়ে চলেছে নিজস্ব ছন্দে। নদীর পাড়ে বাঁধানো ঘাট। কালনার লক্ষ্ণণপাড়া ঘাট থেকে খুব একটা বেশি দূরে নয়। তবে ঘাটের কারণে না।মন্দিরশহর কালনার লক্ষ্মণপাড়া অন্য এক কারণে বিখ্যাত। সেই কারণ হল, বড়কালী বা আশাদেবীকালীর আরাধনা। যে দেবীর কাছে বিশেষ আশা নিয়ে গেলে মনস্কামনা পূরণ হয়। আর, তাই থেকেই দেবীর নাম আশাদেবীকালী। তখন ব্রিটিশ রাজত্ব। ভাগীরথীর ঘাটে নিরঞ্জনের সময় মাপা হত প্রতিমার উচ্চতা। উচ্চতার নিরিখে সর্বোচ্চ লক্ষ্মণপাড়ার ভট্টাচার্য পরিবারের কালী প্রতিমাই বড় কালী নামে পরিচিতি পায়। উচ্চতার নিরিখে পরিচিতি পাওয়া বড়কালী, মেজকালী, সেজকালী রয়েছে এই কালনা শহরেই। ভট্টাচার্য পরিবারের বড়কালীর পুজো অন্তত ৪০০ বছরের প্রাচীন। পুজোয় বিভিন্ন সময়ে এসেছেন রামকৃষ্ণ, আনন্দময়ী মা, ওঙ্কারনাথের মতো প্রসিদ্ধ সাধক সাধিকারা। দেবীর কাছে প্রার্থনা করে বহু ভক্তের আশাপূরণ হওয়ায় আশাদেবী নামেও এই কালীর পরিচিতি রয়েছে।

পরিবারের পূর্বপুরুষ রামচন্দ্র ভট্টাচার্যের প্রপিতামহ এই পুজোর প্রচলন করেন। বড়কালীর নামেই শহরের ওই এলাকা ‘বড়কালীতলা’ হিসাবে পরিচিত। প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে নানা কাহিনি। আজও নিষ্ঠা ভরে মানা হয় পুজোর সমস্ত রীতি রেওয়াজ। দেবীর পায়ে নূপুর থাকার জন্য পরিবারের কারও নূপুর পরা বা নূপুর উপহার দেওয়া নিষিদ্ধ। কথিত আছে, একবার সেই রীতি ভেঙে পরিবারের এক গৃহকর্ত্রী বাড়ির পরিচারিকার মেয়েকে জন্মদিনে নূপুর উপহার দেওয়ায় ঘটে গিয়েছিল অঘটন। ওই দিনই সন্ধ্যাবেলায় সর্পদষ্ট হন তিনি। দেবীর কাছে দীর্ঘ সময় ধরে ক্ষমা প্রার্থনা করে প্রাণ বাঁচে তাঁর।

৪০০ বছর আগে হোগলা পাতার ছাউনি দেওয়া মাটির মন্দিরে শুরু হয়েছিল পুজো। ওই সময়ে এলাকায় ছিল ঘন বন। আনাগোনা ছিল বাঘেরও। বাঘের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অমাবস্যার রাতে দু’টি মশাল জ্বালিয়ে রাখা হত পুজোর সময়। সেই রীতি মেনে আজও পুজোর সময় দু’টি মশাল জ্বালিয়ে রাখা হয়। রথের দিন সিঁদুর দান ও পাটা পুজোর পর শুরু হয়ে যায় প্রতিমা নির্মাণের কাজ। রীতি মেনে পুজোর সময় দু’জোড়া ঢাক বাজে মন্দিরে। পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন পরিবারের পুরুষ সদস্যরাই। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে শুরু হয় পুজো। পুজোর দিন পরিবারের মহিলা-পুরুষ সকলেই উপবাস করেন।

দেবীর পুজোর ভোগেও রয়েছে বৈচিত্র। চিংড়ি সিদ্ধ করে বেসন দিয়ে ভেজে তা ভোগ হিসাবে নিবেদন করা হয়। দেবীর স্বপ্নাদেশেই এমন বিশেষ ভোগের রেওয়াজ। এ ছাড়াও ভোগে খিচুড়ি, ফ্রায়েড রাইস, ৯ রকমের ভাজা, দু’রকমের তরকারি, মাছ নিবেদন করা হয়। দেবীর উচ্চতা নিয়ে রয়েছে এক অলৌকিক কাহিনি। একবার এলাকারই অন্য এক পরিবার বড়কালীর চেয়ে বেশি উচ্চতার প্রতিমা বানাবে বলে মাপ চুরি করে নিয়ে যায়। কিন্তু ভাগীরথীর ঘাটে বিসর্জনের সময়ে দেখা যায়, বড়কালীর উচ্চতাই সবথেকে বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.