রাজ্য

ডেডলাইনের আগেই চার ইআরও–এইআরও-র বিরুদ্ধে এফআইআর, কমিশন–রাজ্য সংঘাতে তুঙ্গে রাজনৈতিক তরজা

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রাজ্য–কেন্দ্র টানাপোড়েনের আবহে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। জাতীয় কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই পদক্ষেপ করা হয়। অভিযুক্তদের মধ্যে দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) ও দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) রয়েছেন।
কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-কে তলব করে কড়া বার্তা দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। তার আগেই পূর্ব মেদিনীপুরের ময়না ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বারুইপুর পূর্বে দায়িত্বে ছিলেন দেবোত্তম দত্ত চৌধুরী ও তথাগত মণ্ডল; ময়নাতে ছিলেন বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস—চারজনই ডব্লিউবিসিএস অফিসার।
অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি নিয়ে কমিশনের পাঠানো বহিরাগত মাইক্রো অবজার্ভারদের সুপারিশ উপেক্ষা করা হয়েছিল। কমিশন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত ইআরও-দের হলেও প্রক্রিয়াগত অনিয়ম বরদাস্ত করা হবে না। সূত্রের দাবি, নির্দেশ মানা নিয়ে এতদিন নবান্নের টালবাহানায় অসন্তুষ্ট ছিল কমিশন।
রাজনৈতিক তরজা তীব্র। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, কমিশনের নির্দেশকে সম্মান জানিয়ে প্রক্রিয়াগত পদক্ষেপ করা হয়েছে, তবে কমিশনের ভূমিকা নিয়ে দলের অভিযোগ বহাল। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “আইন আইনের পথে চলবে… তবে তার বাউন্ডারি আছে।”
অন্যদিকে বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, নিয়ম না মানলে আরও কড়া ব্যবস্থা হবে। তাঁর দাবি, ডিজিটাল ফুটপ্রিন্টের যুগে গাফিলতি চাপা থাকবে না।
চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআরকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা, প্রশাসনিক দায়বদ্ধতা ও কমিশনের ক্ষমতা—সব মিলিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.