খেলাধুলা

অর্থাভাবে হোটেলহীন পাক হকি দল, বাসন মাজলেন জাতীয় খেলোয়াড়রা

অর্থসংকটের জেরে বিদেশ সফরে চরম অপমানের মুখে পড়ল পাকিস্তানের জাতীয় হকি দল। FIH Pro League-এর দ্বিতীয় লেগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেল বুকিং বাতিল হওয়ায় ১২–১৫ ঘণ্টা লাগেজ হাতে রাস্তায় ঘুরতে হয়েছে খেলোয়াড়দের। এমনকি রান্নাঘর পরিষ্কার করা ও বাসন মাজতে বাধ্য হওয়ার অভিযোগও উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আনেন অধিনায়ক Imad Butt। ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী Shehbaz Sharif।

দল সূত্রে জানা গিয়েছে, ক্যানবেরায় খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য চারতারা হোটেল বুক করা হয়েছিল। আশ্বাস ছিল, বকেয়া অর্থ পাকিস্তান হকি ফেডারেশন মিটিয়ে দেবে। কিন্তু পৌঁছে দল জানতে পারে, তাদের নামে কোনও ঘরই সংরক্ষিত নেই। কোচও সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ। স্থানীয় পাকিস্তানি প্রবাসীদের সহায়তায় সাময়িক সমাধান মিললেও, পর্যাপ্ত ঘর না থাকায় দুই-তিনজন করে এক কক্ষে থাকতে হয়েছে। পরদিন সেখান থেকেই সরাসরি মাঠে নামতে হয় দলকে।

অধিনায়ক ইমাদ বাট বলেন, “অস্ট্রেলিয়া সফরের শুরুটাই ছিল দুর্বিষহ। সিডনিতে নেমে ১২ থেকে ১৫ ঘণ্টা অপেরা স্ট্রিটের আশপাশে অসহায়ের মতো ঘুরেছি। সময়মতো খাবার পাইনি। এমনকি রান্নাঘর পরিষ্কার ও বাসন মাজতেও হয়েছে। পাকিস্তানে যে ভিডিও পৌঁছেছে, তা সম্পূর্ণ সত্য।” তিনি আরও জানান, দেশের মানহানি ঠেকাতে প্রথমে ‘সব ঠিক আছে’—এমন একটি ভিডিও বার্তা দিতে বলা হয়েছিল, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন ছিল।

অস্ট্রেলিয়া সফরে মাঠের ফলও অনুকূলে আসেনি। ক্যানবেরায় আয়োজক দেশের কাছে পরাজয়ের পরই এই অস্বস্তিকর পরিস্থিতির কথা সামনে আসে। ক্রীড়ামহলে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া একটি জাতীয় দলের ন্যূনতম লজিস্টিক ব্যবস্থাপনাও কেন নিশ্চিত করা গেল না।

পাকিস্তান হকি ফেডারেশনের আর্থিক সংকট নতুন নয়। তবে জাতীয় দলের বিদেশ সফরে এমন চরম অস্বস্তি সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলেই মত ক্রীড়া বিশ্লেষকদের। প্রধানমন্ত্রীর তদন্ত-নির্দেশের পর ফেডারেশনের আর্থিক লেনদেন ও প্রশাসনিক দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে বলে সরকারি সূত্রের ইঙ্গিত।

ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রথম দায়িত্ব নয়? তদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলে দায় নির্ধারণ ও জবাবদিহির দাবিই এখন ক্রীড়াপ্রেমীদের প্রধান সুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.