এ যেন ভারতীয় ফুটবলের নাটকীয় মোড়! টানা নাটকীয়তার শেষে ‘বিদ্রোহী’ তকমা পাওয়া চার্চিল ব্রাদার্সকেই ঘোষণা করা হল চলতি মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন। অথচ এই ক্লাবই কিছুদিন আগে সুপার কাপ বয়কট করে কাঁপিয়ে দিয়েছিল গোটা ফুটবল মহল। শনিবার এআইএফএফ আপিল কমিটির বৈঠকের পরে আচমকাই ঘোষিত হল চার্চিলের জয়। ফলাফল মেনে নিতে না পেরে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের শরণাপন্ন হতে চলেছে ইন্টার কাশী।
লিগ টেবিলে মাত্র এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ইন্টার কাশী। সমস্যার কেন্দ্রবিন্দু ১৩ জানুয়ারির ম্যাচ, যেখানে কাশী ০-২ গোলে হারে নামধারী এফসি-র কাছে। কাশীর দাবি, সেই ম্যাচে নামধারী খেলিয়েছিল নিষিদ্ধ ফুটবলার ক্লেডসন কার্ভালহো দা সিলভাকে, যিনি আগেই চারটি হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ ছিলেন। প্রথমে কাশীর অভিযোগ মান্য করে তিন পয়েন্ট দিয়েছিল এআইএফএফ, কিন্তু ২৭ মার্চ সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। শনিবার সেই স্থগিতাদেশই চূড়ান্তভাবে বহাল থাকে।
ইন্টার কাশীর তরফে অভিযোগ, এই সিদ্ধান্ত ৬ এপ্রিলের আগেই নেওয়া যেত। আপিল কমিটির প্রক্রিয়াও ছিল অস্বচ্ছ। তাই স্বচ্ছ বিচার পেতেই তারা ক্যাসে যাচ্ছে। কাশীর আরও দাবি, নিয়ম মেনে আবেদন করা হলেও সেটিকে পাত্তা দেওয়া হয়নি।
চার্চিলের জন্য এটি তৃতীয় আই লিগ জয়, ১২ বছর পর আবার শিরোপা। ক্লাব কর্ণধার আলেমাও চার্চিল বলেন, “ঈশ্বর ও গোয়ার মানুষদের ধন্যবাদ। ওদের জন্যই এই সাফল্য।” তবে সুপার কাপে না খেলার সিদ্ধান্তে এখনও অনড় তাঁরা। প্রশ্ন উঠছে, ফেডারেশনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার পরও কি তাদের সেই অবস্থান বদলাবে?







