জেলা

জল জমে নাজেহাল বাসিন্দারা, বাড়িতে ঢুকছে বিষধর সাপ! শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে ক্ষোভ-বিক্ষোভ

শ্রীরামপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে জমা জল, বেহাল নিকাশি ব্যবস্থা এবং একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পৌরসভার চেয়ারম্যান, যিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বাসিন্দাদের কাছে সাত দিনের সময় চান।

স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি স্কুলের মাঠে স্বাস্থ্যকেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হলেও বাসিন্দাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। পরে নির্মাণকাজ অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়। ফলে ওই জায়গাটি বর্তমানে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে দাবি তাঁদের।

বাসিন্দাদের আরও অভিযোগ, এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। দীর্ঘদিন ধরে বড় পুকুর সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। যদিও এই কাজের জন্য প্রায় ৯৭ হাজার ৯৭৩ টাকা বরাদ্দ করা হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি, ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর জন্য প্রায় ১ লক্ষ ৪৯ হাজার ৭১৯ টাকা এবং একটি লাইট পোস্ট তৈরির জন্য ১ লক্ষ ২২ হাজার টাকা খরচ দেখানো হলেও বাস্তবে সেই কাজের কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এলাকায় জল জমে থাকছে। বাসিন্দাদের অভিযোগ, জল বেরোনোর পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়িঘরে জল ঢুকে পড়ছে এবং সেই সঙ্গে বিষধর সাপের উপদ্রবও বেড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।

২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মমতা রায় জানান, ভোটের আগে বড় পুকুর সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত চার বছরে কার্যত কোনও কাজ হয়নি। সম্প্রতি কাজ শুরু হলেও তা নিয়ম মেনে হচ্ছে না বলেও অভিযোগ তাঁর। এর জেরে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে আশপাশের বাড়িগুলিতে সমস্যা বাড়ছে।

বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে পৌরসভার চেয়ারম্যান বাসিন্দাদের আশ্বস্ত করেন। তিনি জানান, রাস্তা, নিকাশি ও জলাশয় সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং তার জন্য সাত দিনের সময় চেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.