পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। মোরাম রাস্তা নয়, স্থায়ী ঢালাই রাস্তার দাবিতে সোমবার সকাল থেকেই অবরোধ শুরু হয় ভগবানববাটী গ্রামে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, চন্দ্রকোনা থেকে পলাশচাপড়ি গামী গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা নিয়ে ক্ষোভ ছিল বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, বহু বছর ধরে কাঁচা মাটির রাস্তা সংস্কারের দাবিতে আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি মোরাম ফেলে রাস্তার কাজ শুরু হলেও রাতের অল্প বৃষ্টিতেই সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে দাবি গ্রামবাসীদের।
বিক্ষোভকারীদের বক্তব্য, “মোরাম রাস্তা নয়, আমরা ঢালাই রাস্তা চাই। সামান্য বৃষ্টিতেই যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে বর্ষাকালে কী হবে?” তাঁদের আরও হুঁশিয়ারি, দাবি না মানা হলে আসন্ন নির্বাচনে ভোট বয়কটের পথেও হাঁটতে পারেন তারা।
অবরোধের জেরে সকাল থেকেই চন্দ্রকোনা–পলাশচাপড়ি রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ও জরুরি পরিষেবার যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
এই বিষয়ে চন্দ্রকোনা-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান, “১ লক্ষ ৩৮ হাজার টাকা বরাদ্দ করে মোরাম রাস্তার কাজ শুরু হয়েছে। আপাতত প্রাথমিক সংস্কার চলছে, পরবর্তী পর্যায়ে রাস্তা ঢালাই করার পরিকল্পনা রয়েছে।”
তবে প্রশাসনের এই আশ্বাসে আশ্বস্ত নন গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট দাবি, উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা এসে সরাসরি আলোচনা না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীর সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। উত্তেজনা প্রশমনে নজর রাখছে জেলা প্রশাসন।







