হুবলির মাঠে রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে দেখা গেল চরম উত্তেজনা। জম্মু-কাশ্মীরের অধিনায়ক Paras Dogra মাঠেই কর্নাটকের ক্রিকেটারকে ঢুঁসো মারেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের ক্রিকেটারদের মধ্যে বচসা ছড়িয়ে পড়ে, হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদের।
ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের ইনিংসের ১০১তম ওভারে। সতীর্থ কানহাইয়া ওয়াধাওয়ানের সঙ্গে ব্যাট করছিলেন পারস। বল করছিলেন কর্নাটকের পেসার Prasidh Krishna। একটি ডেলিভারি খেলার পরেই হঠাৎ ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা KV Aneesh-এর দিকে তেড়ে যান পারস। দু’জনের মধ্যে কথা কাটাকাটির পরই দেখা যায়, অনীশকে ঢুঁসো মারেন তিনি। যদিও দু’জনের মাথায় হেলমেট থাকায় গুরুতর চোট লাগেনি।
সূত্রের খবর, স্লেজিংয়ের জেরেই মেজাজ হারান জম্মু-কাশ্মীর অধিনায়ক। আচমকা এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন অনীশ। দ্রুত সেখানে পৌঁছন কর্নাটকের তারকা ক্রিকেটার Mayank Agarwal। তিনি পারসের কাছে জানতে চান, কেন এমন আচরণ। পরে ঘটনাস্থলে আসেন KL Rahul-ও। তাঁর সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় পারসের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে আম্পায়াররা হস্তক্ষেপ করেন।
কিছুক্ষণ পর হাতের ইশারায় অনীশের কাছে ক্ষমা চাইতে দেখা যায় পারসকে। তবে তা মেনে নিতে রাজি হননি কর্নাটকের ক্রিকেটার। বারবার ইঙ্গিতে বোঝান, এই আচরণ গ্রহণযোগ্য নয়।
এ সময় কর্নাটকের অধিনায়ক Devdutt Padikkal-এর সঙ্গেও কথা বলেন আম্পায়াররা। অন্যদিকে ডাগআউটে বসে অসন্তোষ প্রকাশ করেন জম্মু-কাশ্মীরের প্রধান কোচ Anil Sharma। ইশারায় দলকে খেলার দিকে মনোযোগ দিতে বলেন তিনি।
এর পরের ওভারেও উত্তেজনা ছড়াতে পারত। রান নেওয়ার সময় কর্নাটকের পেসার Vijaykumar Vyshak-এর সঙ্গে ধাক্কা লাগে ওয়াধাওয়ানের। দু’জন সামনাসামনি চলে এলেও দ্রুত আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন।
মাঠে উত্তেজনা থাকলেও জম্মু-কাশ্মীরের ব্যাটিংয়ে তার প্রভাব পড়েনি। দ্বিতীয় দিনের চা-বিরতিতে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৭৮। শুভম পুন্ডির করেন ১২১, ইয়াওয়ার হাসান ৮৮, আব্দুল সামাদ ৬১ এবং ওয়াধাওয়ান ৭০ রান। অধিনায়ক পারস নিজেও ৭০ রান করে আউট হন। কর্নাটকের বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ নেন ৩ উইকেট।
ক্রিকেটে লাল কার্ডের বিধান না থাকলেও ম্যাচ শেষে আম্পায়ারদের রিপোর্টে এই ঘটনার উল্লেখ থাকার সম্ভাবনা প্রবল। ফলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন পারস ডোগরা।
২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে যেমন Zinedine Zidane প্রতিপক্ষকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখেছিলেন, তেমনই এ দিনের ঘটনাও আলোচনায় জায়গা করে নিয়েছে। তবে ক্রিকেটে শাস্তির ধরন আলাদা—এখন নজর বোর্ডের সিদ্ধান্তের দিকে।







