ঝাড়গ্রাম: প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনার সফল তদন্তে বড় সাফল্য পেল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ ও জামবনি থানার পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন ঝাড়খন্ডের বাসিন্দা, একজন ঝাড়গ্রামের এবং একজন জামবনির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটে চলতি মাসের ৬ জানুয়ারি। জামবনির পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা থেকে সিএসপি এজেন্ট সুব্রত সিংহ ২ লক্ষ ৭৫ হাজার টাকা উত্তোলন করে ঘুটিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় ঘঙের জঙ্গল এলাকায় তিনজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় তাঁর উপর হামলা চালায়। অভিযুক্তরা মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে মারধর করে এবং তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও জামবনি থানার পুলিশ আহত সুব্রত সিংহকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চিলকিগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপরই ঘটনার তদন্তে নেমে পড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের সময় টেকনিক্যাল এভিডেন্সের পাশাপাশি প্রায় ৩০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এই তথ্যের ভিত্তিতে ঝাড়খন্ড ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গতকাল গভীর রাতে অভিযুক্তদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জামবনি থানার পুলিশ।
আজ ঝাড়গ্রাম এসডিপিও শামীম বিশ্বাস তাঁর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে জানান, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ধৃত পাঁচ অভিযুক্তকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।
এই সফল অভিযানে ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতা ও তদন্ত দক্ষতার প্রশংসা করছেন সাধারণ মানুষ।







