নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে এক নাবালককে হত্যার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। শনিবার সকালে পুকুর থেকে ত্রিপলে মোড়া অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধারের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপশি প্রতিবেশীর বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। মুহূর্তে সেই ক্ষোভ গণপিটুনিতে রূপ নেয়। এমনকি গণপিটুনিতে প্রাণ হারায় অভিযুক্ত প্রতিবেশী সহ আরও এক জন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত নাবালকের নাম স্বর্ণাভ। সেই কিশোরের মাথায় গভীর ক্ষতচিহ্ন দেখা গিয়েছিল। পাশাপশি নাক ও চোখ দিয়ে রক্ত বেরোতেও দেখা গিয়েছিল। স্থানীয়দের দাবি, প্রতিবেশী উত্তম মন্ডল ওই ছোট্ট ছেলেটিকে মেরে পুকুরে ফেলে দিয়েছে। এরপরই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। তারপরেই ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে ও তার এক সঙ্গীকে বেধড়ক মারধর করে। এমনকি সেই বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিশের বিশাল বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ, এর আগেও ধৃত উত্তম মণ্ডল শিশু পাচারের সঙ্গে জড়িত ছিল। কয়েকজন স্কুলছাত্রকে পলাশীতে নিয়ে গিয়েও ধরা পরেছিল এই ধৃত ব্যক্তি। স্বর্ণাভকেও পাচারের উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে বলে অনুমান গ্রামবাসীদের। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশ এই ঘটনার তদন্তের ভার তুলে নেওয়ার আগেই আমজনতার বেধরক মার ধরেই প্রাণ হারায় অভিযুক্ত। এবার অনেক বছরের মধ্যে দুবার গণপিটুনির ঘটনা ঘটলো নদিয়ার তেহট্টে। পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে এলাকাজুড়ে বজায় রয়েছে থমথমে পরিবেশ।







