নিজস্ব সংবাদদাতা | ভাঙড়: ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের মামলায় একের পর এক নাটকীয় মোড়! মাস্টারমাইন্ড মোফাজ্জেল মোল্লার গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই তার তিন শাগরেদকে পাকড়াও করল উত্তর কাশিপুর থানার পুলিশ। ফলে একদিকে যেমন গতি পাচ্ছে তদন্ত, তেমনই এই হত্যাকাণ্ডের নেপথ্যের জটিল চক্রটিও ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বলে মনে করছে প্রশাসন।
গতকাল, রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ধৃত হয় রেজ্জাক হত্যা মামলার মূল চক্রান্তকারী মোফাজ্জেল মোল্লা। সূত্রের খবর, তাকে জেরা করেই উঠে আসে আরও তিন তৃণমূল কর্মীর নাম, যারা সরাসরি এই খুনে জড়িত বলে সন্দেহ। আজ, সোমবার ভোরে চিরুনি তল্লাশি চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও এই মুহূর্তে পুলিশ তাদের নাম জানাতে নারাজ।
তদন্তে সামনে এল বিস্ফোরক তথ্য:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজ্জাক খানের খুন ছিল ঠান্ডা মাথায় সাজানো ষড়যন্ত্র। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে এলাকায় প্রভাব কায়েম করাই ছিল মূল উদ্দেশ্য। ধৃতদের মধ্যে কেউ কেউ খুনের দিন ঘটনাস্থলের কাছাকাছিও ছিল বলে প্রমাণ মিলেছে।
এদিকে, একের পর এক গ্রেফতারি ঘিরে ফের উত্তাল রাজনীতি। বিরোধীদের সরাসরি অভিযোগ, ‘‘তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই রক্তাক্ত হয়েছে ভাঙড়।’’
অন্যদিকে, পরিস্থিতি যাতে আরও অশান্ত না হয়, সে কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। টহলদারি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তদন্ত কোন দিকে মোড় নেয়, ধৃতদের জেরায় আর কী কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর গোটা রাজ্যের।







