জেলা

বাঘের ঘরেই ঘোগের বাস! সিভিক পুলিশের পোশাকে তৃণমূল নেতার বাড়িতে চুরি, চাঞ্চল্য

কথায় বলে, বাঘের ঘরেই ঘোগের বাস! আর ঠিক সেই ঘটনাই ঘটল বেলুড়ের ভোট বাগানে। সিভিক পুলিশের পোশাক পরে চোর ঢুকে পড়ল প্রভাবশালী তৃণমূল নেতা, প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার পরিচালন সমিতির অন্যতম সদস্য রিয়াজ আহমেদের বাড়িতে। ঈদের ভোরবেলায় সেখান থেকে চুরি হয়ে গেল স্ট্যান্ড ফ্যান ও একাধিক চেয়ার।

ঘটনার সম্পূর্ণ ছবিই ধরা পড়েছে সিসিটিভির ক্যামেরায়। চোর অত্যন্ত পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করেছিল বলে জানা গেছে। রিয়াজ আহমেদের মা’কে সে জানায়, দাদা (রিয়াজ আহমেদ) পাঠিয়েছেন, তাই নির্দ্বিধায় ফ্যান কাঁধে করে বেরিয়ে যায়। এরপর সে রিয়াজ আহমেদের ভাইকে ডেকে পার্টি অফিস খুলতে বলে এবং সেখান থেকে পাঁচটি প্লাস্টিকের চেয়ার নিয়ে চলে যায়। শুধু তাই নয়, স্থানীয়দের মাধ্যমে একটি টোটো আনিয়ে সমস্ত মালপত্র তাতে চাপিয়ে সে উধাও হয়ে যায়।

পরবর্তীতে বাড়ি ফিরে আসার পর রিয়াজ আহমেদ ঘটনাটি জানতে পারেন। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে নিচে নেমে গিয়ে চমকে ওঠেন। তদন্ত করে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আদতে কোনও পুলিশ কর্মী নয়, বরং হাওড়ার বাঁকড়ার বাসিন্দা এক পাকা চোর।

এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে চোরের ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এমন একটি চুরির ঘটনা প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.