অফবিট

সমুদ্রের জলস্তর নিয়ে নতুন সতর্কবার্তা! আগের হিসাবেই গলদ, শতাব্দীর শেষে ডুবতে পারে আরও ৩৭% উপকূল

ইউরোপীয় বিজ্ঞানীদের গবেষণা প্রকাশ Nature-এ, বাস্তবে সমুদ্রের জলস্তর আগের ধারণার চেয়ে অনেক বেশি—ঝুঁকিতে কোটি কোটি মানুষ

পরিবেশ দূষণ এবং জলবায়ুর লাগাতার পরিবর্তনের জেরে সমুদ্রের জলস্তর যে দ্রুত বাড়ছে, তা নিয়ে বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তবে এবার সেই উদ্বেগ আরও বাড়াল নতুন একটি গবেষণা। ইউরোপের একদল বিজ্ঞানীর দাবি, এতদিন যে হিসাব ধরে সমুদ্রের জলস্তর বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছিল, তাতেই বড় ধরনের ভুল রয়েছে। ফলে ভবিষ্যতের বিপদের পরিমাণ আগের ধারণার তুলনায় অনেকটাই বেশি হতে পারে।
বুধবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Nature-এ প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ উপকূলীয় অঞ্চলে সমুদ্রের জলস্তরের উচ্চতা গড়ে এক ফুট পর্যন্ত কম ধরে হিসাব করা হয়েছিল। বাস্তবে সেই জলস্তর আরও বেশি। বিশেষ করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু উপকূলে জলস্তর তিন ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার ঘটনাও ধরা পড়েছে নতুন পরিমাপে। অথচ পুরনো মডেলে এই বৃদ্ধি ধরা পড়েনি বলেই দাবি গবেষকদের।
আগের হিসাব অনুযায়ী, চলতি শতাব্দীর শেষের দিকে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে বিশ্বের বহু উপকূলবর্তী এলাকা জলের তলায় চলে যেতে পারে। কিন্তু নতুন তথ্য অনুযায়ী পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গবেষকদের একাংশ মনে করছেন, নতুন হিসাব সঠিক হলে ২১০০ সালের মধ্যে অতিরিক্ত প্রায় ৩৭ শতাংশ উপকূলবর্তী ভূমি সমুদ্রের জলে ডুবে যেতে পারে। এতে বিপন্ন হতে পারে আরও ৭ থেকে ১৩ কোটি মানুষের জীবন ও জীবিকা।
নেদারল্যান্ডসের অধ্যাপক ফিলিপ মিন্ডারহুড জানিয়েছেন, এতদিন সমুদ্র ও স্থলভাগের উচ্চতা আলাদা ভাবে পরিমাপ করা হয়েছিল, সেখানেই ভুল হয়েছিল। তাঁর কথায়, সমুদ্র যেখানে স্থলভাগের সঙ্গে মিশেছে, সেই অঞ্চলে ঢেউ, স্রোত, বায়ুর গতি, তাপমাত্রা পরিবর্তন বা এল নিনোর মতো নানা প্রাকৃতিক উপাদান কাজ করে। স্যাটেলাইট প্রযুক্তিতে সব সময় এই জটিল প্রভাব সঠিক ভাবে ধরা সম্ভব হয়নি বলেই প্রকৃত হিসাব থেকে বিচ্যুতি ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে জলস্তর নির্ণয়ের ক্ষেত্রে সমুদ্রের ঢেউ, স্রোত, বায়ুপ্রবাহ, তাপমাত্রা পরিবর্তন এবং জলবায়ুজনিত প্রভাবগুলিকে একসঙ্গে বিবেচনায় আনতে হবে। তবেই সঠিক পরিমাপ সম্ভব হবে।
নতুন গবেষণায় আরও বলা হয়েছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধির সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে জলস্তর বৃদ্ধির হার ইউরোপ বা অতলান্তিক উপকূলের তুলনায় বেশি। এই এলাকাগুলিতে বিপুল জনসংখ্যা বসবাস করে, ফলে ক্ষতির আশঙ্কাও অনেক বেশি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর পরিবেশবিদ ভেপাইয়ামেলে ট্রিফ জানিয়েছেন, এই ধরনের গবেষণার ফল কেবল পরিসংখ্যান নয়, বাস্তব জীবনের প্রতিফলন। তাঁর কথায়, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে উপকূলবর্তী মানুষের জীবন দ্রুত বদলে যাচ্ছে।
তবে সব বিজ্ঞানী এই নতুন গবেষণার সঙ্গে পুরোপুরি একমত নন। ফ্রান্সের বিজ্ঞানী গোনেরি লে কজ়ানেট মনে করেন, গবেষণায় বিপদের মাত্রা কিছুটা বাড়িয়ে দেখানো হয়েছে। তাঁর মতে, সমুদ্রের জলস্তর বৃদ্ধির সমস্যা নিয়ে বিশ্বজুড়েই সচেতনতা রয়েছে এবং তার মোকাবিলায় নানা পরিকল্পনাও ইতিমধ্যে নেওয়া হয়েছে।
একই মত প্রকাশ করেছেন মার্কিন বিজ্ঞানী ও সমুদ্রের জলস্তর বিশেষজ্ঞ রবার্ট কপও। তাঁর দাবি, উপকূলবর্তী দেশগুলির বেশির ভাগই জলস্তর বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে সম্প্রতি ইউনেসকোর একটি রিপোর্টেও পরিবেশ সংক্রান্ত বৈজ্ঞানিক মডেলের নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে। রিপোর্টে বলা হয়েছে, সমুদ্র কতটা কার্বন শোষণ করতে পারে, সে বিষয়ে প্রচলিত বৈজ্ঞানিক মডেল ও বাস্তব তথ্যের মধ্যে প্রায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত অসঙ্গতি রয়েছে। সেই বিতর্কের মধ্যেই সমুদ্রের জলস্তর বৃদ্ধির নতুন গবেষণা প্রকাশ্যে আসায় পরিবেশ সংক্রান্ত বৈজ্ঞানিক পরিসংখ্যান ও প্রযুক্তিগত পদ্ধতি নিয়ে আলোচনা আরও তীব্র হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.