চা-বিস্কুট— এই জুটির নাম শুনলেই মুখে হাসি ফুটে ওঠে বাঙালির। সকালে ঘুম থেকে উঠে গরম চায়ের সঙ্গে বিস্কুট না হলে যেন দিনই অসম্পূর্ণ। সাধারণত বাজারে ৩০ থেকে ৫০ টাকাতেই পাওয়া যায় ভালো মানের বিস্কুট। কিন্তু জানেন কি, এমন একটি বিস্কুট আছে যার দাম শুনলে চমকে যাবেন?
বিবিসির একটি পুরনো প্রতিবেদনে জানা যায়, বিশ্বের সবচেয়ে দামি বিস্কুটটির দাম প্রায় ১৫ হাজার পাউন্ড, অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় ২২ লক্ষ টাকারও বেশি! এই বিস্ময়কর বিস্কুটটি একসময় ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাহাজ ‘টাইটানিক’-এর অংশ।
১৯১২ সালে টাইটানিকের দুর্ঘটনার পর উদ্ধার হওয়া একটি লাইফবোটে পাওয়া গিয়েছিল এই বিস্কুট। এটি ছিল স্পিলার অ্যান্ড বেকারস পাইলট ক্র্যাকার, যা রাখা ছিল সারভাইভাল কিটের মধ্যে। পরে বিস্কুটটি নিলামে তোলা হলে, এক গ্রিক সংগ্রাহক সেটি কিনে নেন এই বিশাল দামে।
বলা হয়, টাইটানিকের যাত্রীরা যখন মৃত্যুর মুখে, তখন এই বিস্কুটই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র খাদ্যসামগ্রী। তাই আজও এটি ইতিহাসের এক মূল্যবান নিদর্শন হিসেবে গণ্য হয়।
সংগ্রাহকের দাবি, তিনি বিস্কুটটি কোডাক ফিল্মের খামে সংরক্ষণ করেছিলেন যাতে এটি নষ্ট না হয়। এই বিস্কুটের সঙ্গে টাইটানিকের উদ্ধার অভিযানের কিছু ছবির নেগেটিভ-ও সংরক্ষণ করা হয়।







