এবারের লোকসভা নির্বাচনে এমডিএমকে প্রার্থী করেনি তামিলনাড়ুর এরোডের সাংসদ এ গণেশমূর্তিকে। এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি এবং তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেজাত্রা প্রাণরক্ষা হলেও, বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
৭৬ বছর বয়সি এমডিএমকে সাংসদ কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি ২৪ শে মার্চ আত্মহত্যার চেষ্টা করেন ও সেইদিনই তাঁর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। আর বৃহস্পতিবার ভোর ৫ টা বেজে ০৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনে ফের প্রার্থী হতে না পেরেই এই চরম পদক্ষেপ এবং তাঁর এই পদক্ষেপ সম্পর্কে হতভম্ব হয়েছেন সকলে।
৩ বারের সাংসদ গণেশমূর্তি, ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে পালানি থেকে প্রথমবার সাংসদ হন গণেশামূর্তি। এরপর ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এরোড থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৯ সালে তিনি তৃতীয়বার সাংসদ নির্বাচিত হন। এবারও তিনি প্রার্থী হবেন বলে আশা করেছিলেন। কিন্তু দল তাকে প্রার্থীপদ থেকে বঞ্চিত করায় ক্ষোভে-অভিমানে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেও তাঁর মৃত্যু না হওয়ায়, অবশেষে হৃদরোগ তাঁর প্রাণ কেড়ে নিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর এরোড থেকে ১৫ কিলোমিটার দূরে কুমারভালাসু গ্রামে গণেশামূর্তির দেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।







