কলকাতা

এবার হাইকোর্টে শুভেন্দু! চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবি

মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে নিজের কনভয়ে হামলার ঘটনাকে এবার আদালতের দোরগোড়ায় নিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই ঘটনার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মারফত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা করার অনুমতি মিলেছে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে।

পুরো গণ্ডগোলটা শুরু হয়েছিল গত শনিবার। পুরুলিয়ার সভা সেরে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে ফিরছিলেন শুভেন্দু। অভিযোগ, চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিসের সামনে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। বিরোধী দলনেতার দাবি, জনা কুড়ি দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে তাঁর কনভয়ে চড়াও হয়। ঘটনার আকস্মিকতায় মেজাজ হারিয়ে মেদিনীপুর না গিয়ে সোজা চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে চলে যান শুভেন্দু। সেখানে ইনচার্জের ঘরের মেঝেতেই ধর্ণায় বসে পড়েন তিনি। পুলিশের অনুরোধ সত্ত্বেও তিনি সাফ জানান, হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি সরবেন না। দীর্ঘক্ষণ পর এলাকা ছাড়লেও এবার বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন তিনি।

অন্যদিকে, তৃণমূল শিবির কিন্তু হামলার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। স্থানীয় ঘাসফুল শিবিরের নেতাদের দাবি, সেদিন পার্টি অফিসের সামনে কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। সেখানে শুভেন্দুর অনুগামীরা এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। দুই পক্ষের মধ্যে স্রেফ স্লোগান পাল্টা স্লোগান চলেছে, কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি। বরং শুভেন্দুর নিরাপত্তারক্ষীরাই সাধারণ কর্মীদের সরিয়ে দিয়েছিলেন বলে পাল্টা দাবি করেছে শাসক দল। এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনো তুঙ্গে। শুভেন্দুর মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এখন সিবিআই তদন্তের নির্দেশ দেয় না কি রাজ্য পুলিশকেই রিপোর্ট পেশ করতে বলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.