বিনোদন

ভোপালের ১৫ হাজার কোটির সম্পত্তি মামলা: আড়াই দশকের লড়াই শেষে সইফের পক্ষে রায়

ভোপালের জেলা আদালতে আড়াই দশকের দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল। প্রায় ১৫ হাজার কোটি টাকার বিতর্কিত সম্পত্তি মামলায় বড় স্বস্তি পেলেন পতৌদি পরিবারের উত্তরাধিকারীরা। সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নবাবদের ১৬.৬২ একর স্থাবর সম্পত্তি বেহাত হচ্ছে না। এই রায়ের ফলে সইফ আলি খান, শর্মিলা ঠাকুর ও তাঁদের পরিবারের মালিকানাই বহাল থাকল।

ভোপালের নয়া পুরা এলাকার এই বিপুল জমি ঘিরে আইনি বিতর্কের সূত্রপাত হয়েছিল ১৯৯৮ সালে। আকিল আহমেদ ও তাঁর সহযোগীরা আদালতে দাবি করেন, ১৯৩৬ সালে তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাঁদের পূর্বপুরুষদের ওই জমি উপহার দিয়েছিলেন। সেই সূত্র ধরেই তাঁরা নিজেদের উত্তরাধিকারী বলে দাবি করেন। তবে দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় তাঁদের দাবি আদালতে টেকেনি।

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, মামলাকারীরা কোনও গ্রহণযোগ্য দলিল বা নথি পেশ করতে পারেননি। শুধু তাই নয়, ঘটনার প্রায় ষাট বছর পর মামলা দায়ের করাকেও ‘গুরুতর দেরি’ হিসেবে চিহ্নিত করেছেন বিচারকরা। ফলে গোটা মামলাটিই খারিজ করে দেওয়া হয়। এর ফলেই ১৫ হাজার কোটির সম্পত্তিতে পতৌদি পরিবারের অধিকার বহাল থাকল।

তবে এই রায়ের মাঝেও সম্পত্তি নিয়ে জটিলতা পুরোপুরি কাটেনি। ২০১৫ সালে শত্রু সম্পত্তি সংক্রান্ত দপ্তর ভোপালের নবাবের কিছু জমিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয় পতৌদি পরিবার। ফ্ল্যাগ স্টাফ হাউস থেকে আহমেদাবাদ প্যালেস—একাধিক সম্পত্তির অধিকার নিয়ে শুরু হয় নতুন আইনি লড়াই।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে ভোপাল ছিল একটি প্রিন্সলি স্টেট। শেষ নবাব হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায় সরকার ওই সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে। যদিও সাজিদা সুলতান ভারতেই থেকে যাওয়ায় তাঁর উত্তরাধিকারী হিসেবে সইফ আলি খানের অংশীদারিত্ব স্বীকৃত হয়। সাম্প্রতিক রায়ে সেই দাবিই ফের জোরদার হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.