বিনোদন

২০২৬ সালের ঈদে ধামাল সিরিজ নিয়ে ফিরছেন অজয় দেবগন

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’ আবারও বড় পর্দায় ফিরছে। সিরিজের চতুর্থ পর্বের নাম রাখা হয়েছে ‘ধামাল ৪’, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন সুপারস্টার অজয় দেবগন। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এর পর এই ফ্র্যাঞ্চাইজিতে এটি তাঁর দ্বিতীয় উপস্থিতি। ‘ধামাল ৪’ ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে। নতুন গল্প, নতুন চরিত্র এবং আগের মতোই হাসির রোলার-কোস্টার জার্নি উপহার দেবে এই সিনেমা। নির্মাতারা জানিয়েছেন, আগের ছবিগুলোর মতোই এবারের ছবিতেও থাকবে ভরপুর কমেডি, অ্যাকশন এবং উপভোগযোগ্য গান।

এই পর্বে অজয়ের সঙ্গে থাকছেন আগের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে মালশেজ ঘাটে ছবির প্রথম দফার শুটিং শেষ হয়েছে। বর্তমানে মুম্বাইয়ে চলছে দ্বিতীয় দফার শুটিং। প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম মুক্তি পায় ‘ধামাল’। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) এবং ‘টোটাল ধামাল’ (২০১৯)। প্রতিটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

বিশেষ করে ‘টোটাল ধামাল’-এ অজয়ের সঙ্গে অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানির উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। ‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন নিজে, পাশাপাশি রয়েছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলির মধ্যে রয়েছে দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল এবং প্যানোরামা স্টুডিওজ। নির্মাতারা আশাবাদী, ২০২৬ সালের ঈদে হাসি-ঠাট্টায় ভরপুর এই ধামাকা উপভোগ করবেন দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.