সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ২৫ শতাংশ ডিএ (Dearness Allowance) পাবেন কি না, তা নিয়ে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটি ইতিমধ্যেই দু’দফা বৈঠক করে প্রাপকদের একটি হিসেব শীর্ষ আদালতে জমা দিয়েছে। আর সেই রিপোর্ট সামনে আসতেই আইনি মহল ও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কমিটির রিপোর্টে রাজ্যের কর্মরত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ পাওয়ার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলেও, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রসঙ্গে কোনও উল্লেখ নেই। ফলে প্রশ্ন উঠছে—সরকার কি ইচ্ছাকৃতভাবে তাঁদের এই সুবিধার বাইরে রাখতে চাইছে?
এদিকে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে জানানো হয়েছে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় প্রয়োজন। তবে প্রথম কিস্তির টাকা কীভাবে বা কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, বিচারপতি মালহোত্রার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিটিতে আদালতের মনোনীত তিন সদস্যের পাশাপাশি রয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্র। গত ২০ ফেব্রুয়ারি দিল্লিতে কমিটির প্রথম বৈঠকে বকেয়া ডিএ মেটানোর সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা হয়। পরে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠকে রাজ্যের অগ্রগতি খতিয়ে দেখা হয়।
তবে এখনও পর্যন্ত রাজ্যের তরফে স্পষ্ট কোনও রূপরেখা সামনে আসেনি বলেই সূত্রের খবর। এদিকে কমিটির চেয়ারপার্সন নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোনও সচিব পর্যায়ের আধিকারিককে ৩ মার্চের মধ্যে হলফনামা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানাতে হবে।
এই পরিস্থিতিতে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিংকর অধিকারী অভিযোগ করেছেন, সরকারের বর্তমান অবস্থান থেকেই বোঝা যাচ্ছে সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে রাজ্য ভাবছে না। যদিও মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবীর দাবি, প্রথম ধাপে সরকারি কর্মচারীদের হিসেব করা হলেও পরবর্তীতে ‘ম্যাচিং’ বিজ্ঞপ্তি জারি হলে শিক্ষক-শিক্ষাকর্মীরাও সেই সুবিধা পেতে পারেন।






