শীতের বিদায়ের পর থেকেই কলকাতায় ধীরে ধীরে বাড়ছে গরমের দাপট। সোমবার থেকেই শহরে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে শুরু করেছে। আকাশে মেঘলা ভাব থাকলেও ঘাম ও আর্দ্রতার কারণে নাজেহাল সাধারণ মানুষ।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম, তবুও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তি কমছে না।
মঙ্গলবারও শহরের তাপমাত্রা প্রায় একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে শহরের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির প্রভাব বুধবার পর্যন্ত কিছুটা বজায় থাকতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন আপাতত দেখা যাবে না। বরং আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ধীরে ধীরে আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।







