দক্ষিণ–পূর্ব রেলের খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই লোকাল ট্রেন দেরি, অতিরিক্ত ট্রেন চাপ ও পরিষেবার সমস্যায় নাজেহাল হন হাজার হাজার নিত্যযাত্রী। এই পরিস্থিতির মধ্যেই বড় ঘোষণা করলেন Ashwini Vaishnaw। সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত নতুন চতুর্থ রেললাইন তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
রেলমন্ত্রীর কথায়, বর্তমানে সাঁতরাগাছি–খড়গপুর রুটে তিনটি লাইন রয়েছে। কিন্তু এই রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ এতটাই বেশি যে পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। সেই কারণেই এবার চতুর্থ লাইন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এই নতুন লাইন?
এই রুট শুধু কলকাতার উপনগর রেল পরিষেবার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং গোটা পূর্ব ভারতের সঙ্গে পশ্চিম ও দক্ষিণ ভারতের সংযোগের অন্যতম প্রধান করিডর।
এই লাইন দিয়েই কলকাতা থেকে মুম্বই ও চেন্নাইগামী বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে। পাশাপাশি প্রতিদিন অসংখ্য সাব-আরবান বা লোকাল ট্রেনও এই লাইনে চলাচল করে।
রেলমন্ত্রীর মতে, নতুন লাইন তৈরি হলে—
ট্রেন চলাচলের গতি বাড়বে
লোকাল ট্রেন দেরি কমবে
সাব-আরবান ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে
পণ্যবাহী ট্রেন চলাচল আরও দ্রুত হবে
ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে রেল।
অর্থনীতি ও বন্দর সংযোগেও লাভ
এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প ও বন্দর সংযোগও শক্তিশালী হবে। বিশেষ করে Haldia Port ও Kolkata Port–এর মধ্যে পণ্য পরিবহণ আরও সহজ হবে।
এছাড়াও আন্দুল, সাঁকরাইল, ধুলোগড়ি ও বালির মতো জাতীয় সড়ক সংলগ্ন শিল্পাঞ্চল, শালিমার ও সাঁকরাইলের গুডস শেড এবং কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্রও এই প্রকল্প থেকে উপকৃত হবে।
১১১ কিলোমিটার লাইন, সময় লাগবে ৫ বছর
রেল সূত্রে জানা গিয়েছে—
মোট দৈর্ঘ্য: ১১১ কিলোমিটার
মোট ব্যয়: ২,৯০৫ কোটি টাকা
নির্মাণ সময়: ৫ বছর
এই চতুর্থ রেললাইন যাবে হাওড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে।
প্রকল্পের আওতায় তৈরি হবে—
১টি বড় সেতু
১৫টি মাঝারি সেতু
১০০টি ছোট সেতু
রেল বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ–পূর্ব রেলের এই ব্যস্ত করিডরে নতুন লাইন তৈরি হলে শুধু যাত্রী পরিষেবাই নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল মালবাহী রুটও আরও শক্তিশালী হবে।







