টলিউড সুপারস্টার জিৎ প্রথমবারের মতো হিন্দি প্রজেক্ট ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ নজরকাড়া অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। সিরিজে তাঁর শক্তিশালী উপস্থিতি মুম্বই ইন্ডাস্ট্রির নজরে এনেছে তাঁকে। এতদিন বলিউডে উপেক্ষিত থাকলেও, এখন বলিপাড়ায় তাঁর বডি ল্যাঙ্গুয়েজ ও অভিনয় নিয়ে শুরু হয়েছে আলোচনার ঝড়। গুঞ্জন, একটি হিন্দি ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রের জন্য প্রস্তাবও পেয়েছেন তিনি।
জিৎ নিজেই এক সাক্ষাৎকারে বলেন, “এত বছর ধরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। অথচ আমি আদতে হিন্দিভাষী এবং বরাবরই এখানে কাজ করতে চেয়েছি।” তাঁর মতে, হিন্দি ভাষায় সাবলীলতা তাঁর অন্যতম ইউএসপি।
‘সাথী’র ‘বিজয়’ থেকে শুরু করে ‘অসুর’, ‘রাবণ’, ‘মানুষ’-এর মতো ছকভাঙা ছবিতে কাজ করে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন জিৎ। প্রযোজক হিসেবেও সফল তিনি। মুম্বইয়ে এর আগে ‘চেঙ্গিজ’-এর প্রচার করলেও সে ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ‘খাকি’-র সাফল্যের পর এবার হয়তো বলিউডে জিৎ-যুগের সূচনা।
যিশু, শাশ্বত, পরমব্রতদের পর হয়তো এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন টলিউডের ‘বস’। যদিও জিৎ-এর টিম এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে অনুরাগীরা আশা করছেন—এবার মুম্বই জয় করতে চলেছেন তাঁদের প্রিয় সুপারস্টার।







