ফাল্গুনের শেষদিকে এসে আবারও খামখেয়ালি আবহাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে আংশিক মেঘ থাকলেও দিনের বেশিরভাগ সময়ই রোদের দেখা মিলবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
তবে রবিবার থেকেই আবহাওয়ার ছবিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
এই বৃষ্টির প্রভাব পড়তে পারে হাওড়া , হুগলি, এবং ঝাড়গ্রাম জেলাতেও। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমমেদিনীপুর-এ বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গেও অস্থির আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কুচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে পারে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।







