ইরানের হামলায় ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিহত হয়েছেন— এমন গুজব গত কয়েকদিন ধরেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন তিনি। একটি ভিডিও পোস্ট করে মজার ছলেই নিজের মৃত্যুর খবর জানালেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করেছেন তিনি। হাতে কফির কাপ নিয়ে হাসতে হাসতেই বলেন, “আমি মরে গিয়েছি… কফির জন্য।” অর্থাৎ কফির প্রতি তাঁর ভালবাসা বোঝাতেই এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি নিজের মৃত্যুর গুজবকে হাস্যরসের মাধ্যমেই উড়িয়ে দেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, আসল নেতানিয়াহু নাকি মারা গিয়েছেন এবং সেই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। সেই জল্পনারও জবাব দেন তিনি। ক্যামেরার সামনে নিজের হাত তুলে দেখিয়ে দেন, তাঁর হাতে স্বাভাবিকভাবেই পাঁচটি আঙুল রয়েছে। মজার ছলে বলেন, “আমার আঙুল গুনতে চান? এখানে দেখতে পারেন।”
ভিডিওতে ইজ়রায়েলের নাগরিকদের উদ্দেশেও বার্তা দেন নেতানিয়াহু। তিনি বলেন, দেশের মানুষের সমর্থন সরকারকে শক্তি জোগায়। পাশাপাশি নিরাপদে থাকার পরামর্শও দেন তিনি। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার আবহে নেতানিয়াহুর এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।







