বলিউডের বহুল প্রতীক্ষিত যুদ্ধভিত্তিক ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নাম বদলে রাখা হল ‘মাতৃভূমি’। সোমবার নিজের সামাজিক মাধ্যমে ছবির নতুন পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করেন বলিউড তারকা সালমান খান। পোস্টারের সঙ্গে তিনি লেখেন— ‘যুদ্ধ শান্তিতে ঘুমোক’। এর মাধ্যমে ছবির নাম নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল।
নতুন প্রকাশিত পোস্টারে আহত ও রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে সলমন খানকে। কাঁটাতারে জড়ানো একটি লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা করতে লড়াই করছেন তিনি। যুদ্ধের তীব্রতা এবং চরিত্রের সংকটময় পরিস্থিতি এই পোস্টারে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে নতুন পোস্টারে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়নি। আগে জানানো হয়েছিল, ছবিটি দশ এপ্রিল দর্শকের সামনে আসবে। কিন্তু সাম্প্রতিক পোস্টার দেখে অনেকেরই ধারণা, ছবির মুক্তির সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এর আগে ছবির ঝলক প্রকাশের পর একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
দর্শক মহলের দাবি, জনপ্রিয় ধারাবাহিক গেম অফ থ্রোনসের একটি যুদ্ধদৃশ্যের সঙ্গে সলমনের দৃশ্যের মিল রয়েছে। সেই প্রসঙ্গে অভিনেতা জানান, ছবিতে তিনি একজন সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন। তাই চরিত্রের গাম্ভীর্য বজায় রাখতেই সংযত অভিব্যক্তি রাখা হয়েছে।
এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। ছবিটির পরিচালনা করেছেন নির্মাতা অপূর্ব লক্ষিয়া। ২০২০ সালে ভারত ও চিনের সেনার মধ্যে সংঘটিত গালওয়ান ভ্যালি ক্লাসের ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মাতৃভূমি’। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরেও বিতর্ক তৈরি হয়েছে। ছবিটি নাকি ঘটনার বিকৃত ব্যাখ্যা তুলে ধরছে।নির্মাতাদের মতে, ‘মাতৃভূমি’ কেবল যুদ্ধের গল্প নয়; এতে ভারতীয় সেনাদের সাহস, আত্মত্যাগ ও মানবিক আবেগের এক গভীর কাহিনি তুলে ধরা হয়েছে। তাই আগে থেকেই ছবি নিয়ে তুঙ্গে চর্চা।







