ব্যারাকপুরে তৃণমূলের ভরসা , ফের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীই । আর সেখানে বিজেপির তরফে দাঁড়িয়েছেন কৌস্তভ বাগচী। আর প্রার্থী হওয়ার পরই ৫০ হাজার ভোটে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন কৌস্তভ। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি রাজ চক্রবর্তীও । কৌস্তভের এই আত্মবিশ্বাসকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী ।
রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে নামেন কৌস্তভ বাগচী। প্রচারে নেমেই তার হুশিয়ারি , “আমি ৫০ হাজার ভোটে রাজ চক্রবর্তীকে পর্যুদস্ত করব।” পাশাপাশি তিনি আরো দাবী করেন , “বামপন্থীদের একটা বড় অংশ আমার প্রতি সমর্থন জানিয়েছে। বিরোধী ভোট যেন ভাগ না হয়, আমি সেই আবেদন করছি। লক্ষ্য একটাই, তৃণমূলকে উৎখাত।”
তারপর ব্যারাকপুরে খোল কর্তাল নিয়ে প্রচারে বেরিয়েছিলেন রাজ চক্রবর্তী। মতুয়াদের সঙ্গে নাচ গান করে , ঢোল বাজিয়ে বিজেপিকে কটাক্ষ করেন রাজ চক্রবর্তী । সেখানে কৌস্তুভকে কটাক্ষ করে তিনি বলেন , “স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিনের বেলা স্বপ্ন যেন না দেখে। আমি তো বলি উনাকে ঘোল নিয়ে বেরতে – খায়ও আর মাথায়ও মাখে।” । কৌস্তভের কে নিশানা করে রাজ আরও বলেন , “সুনামিতে উনি ভেসে যাবেন, আমরা চাইলেও বাঁচাতে পারব না। কারণ ওঁর তো চুল নেই – ধরে তুলব কী করে?”
অপরদিকে আবার সিপিএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, দুই পক্ষকে কটাক্ষ করেই বলেন , “এখানে যা চলছে সেটা ‘তু তু ম্যায় ম্যায়’। কার টাকে চুল গজাবে, কে কী বলল – এসবই হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা কিন্তু কোথাও নেই। মেকি লড়াই – এরা নিজেদের কথা বলছে, মানুষের কথা বলছে না।”







