উত্তরবঙ্গ সফরের মাধ্যমে ২৬ এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বর্তমানে উত্তরবঙ্গ নিয়ে চলছে প্রবল রাজনৈতিক তরজা। এমনকি সেখানেই রাজনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেল ডুয়ার্সে। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় পৌঁছানোর পর থেকেই এলাকাজুড়ে বৃদ্ধি হতে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। তারপর থেকে সেখানে শুরু হলো দলবদলের পালা।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ২টি পৃথক সভায় প্রায় ১৩টি পরিবার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দেয়। টিলাবাড়ি ডিভিশন চা বাগান এলাকায় অনুষ্ঠিত এক সভায় ৮টি পরিবার তৃণমূলে নাম যোগ দিয়েছে বলে জানা গেছে। সেখানে উপস্থিত ছিলেন মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি ও অঞ্চল সভাপতি বাপন রায়। তাঁদের হাত ধরেই নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। অন্যদিকে, বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত আরেকটি সভায় আরও ৫টি পরিবার বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি দীপক রায়, যুব সভাপতি সুজিত বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাধারণ মানুষের প্রবল উন্মাদনার প্রতিফলন হলো এই যোগদান। উন্নয়নমূলক কাজের উপর ভরসা রেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে, তা এই দলবদলের ঘটনাই স্পষ্ট করে দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।







