গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করছে গোটা দেশ। এই সময় ঠান্ডা জল শুধু পান করার জন্যই নয়, স্নানের ক্ষেত্রেও হয়ে ওঠে অপরিহার্য। কিন্তু সমস্যা হল—ছাদের উপর রাখা প্লাস্টিকের ট্যাঙ্কে সারাদিন রোদ পড়ে জল একেবারে গরম হয়ে যায়। ফলে ঠান্ডা জলে স্নান করা অনেকের কাছেই যেন স্বপ্নের মতো।
বিশেষ করে যাদের বাড়িতে সিমেন্টের ট্যাঙ্ক নেই, তাদের এই সমস্যার মুখে পড়তেই হয়। প্রতিদিন আগে থেকে জল তুলে রেখে ঠান্ডা করা যেমন ঝামেলার, তেমনই বড় পরিবারের ক্ষেত্রে তা প্রায় অসম্ভব। বাজারে অ্যান্টি-হিট কভার বা ট্যাঙ্ক শেড থাকলেও সেগুলো সবসময় সবার নাগালে থাকে না।
তবে চিন্তার কিছু নেই! খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে আপনি ট্যাঙ্কের জল রাখতে পারেন ঠান্ডা—তাও একেবারে কম খরচে।
কীভাবে করবেন এই সহজ ট্রিক?
প্রথমে একটি থার্মোকল শিট ট্যাঙ্কের মাপ অনুযায়ী কেটে নিন। খুব পুরু না হওয়াই ভালো, যাতে সহজে লাগানো যায়। এরপর সেলোটেপ দিয়ে ট্যাঙ্কের চারপাশে সেটি ভালো করে জড়িয়ে দিন।
এরপর একটি পাটের বস্তা দিয়ে পুরো ট্যাঙ্কটি ঢেকে দিন এবং তার দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন। প্রতিদিন সকালে সেই বস্তাটিকে জল দিয়ে ভিজিয়ে রাখুন।
কেন কাজ করে এই পদ্ধতি?
এই পদ্ধতির পিছনে রয়েছে সহজ বিজ্ঞান। থার্মোকল তাপ প্রবেশ কমায়, আর ভেজা পাটের বস্তা সূর্যের তাপে ধীরে ধীরে শুকোতে গিয়ে আশপাশ ঠান্ডা করে—যাকে বলে ‘ইভাপোরেটিভ কুলিং’। ফলে ট্যাঙ্কের ভেতরের জল তুলনামূলক ঠান্ডা থাকে।
বাড়তি টিপস
সম্ভব হলে সাদা রঙের ট্যাঙ্ক ব্যবহার করুন—এটি কম তাপ শোষণ করে
ট্যাঙ্কের ওপর সরাসরি রোদ না পড়ে, সে ব্যবস্থা করুন
নিয়মিত বস্তাটি ভিজিয়ে রাখতে ভুলবেন না
অল্প খরচে, সামান্য পরিশ্রমেই এই গরমে পেতে পারেন আরামদায়ক ঠান্ডা জল। তাই দেরি না করে আজই ট্রাই করে দেখুন এই কার্যকরী উপায়!







