জঙ্গলমহলকে ঘিরে আগাম কৌশল সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ে বড়সড় রদবদল করে সতর্ক বার্তা দিল শাসকদল। ঝাড়গ্রাম জেলার চারটি গুরুত্বপূর্ণ আসন—ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর ও নয়াগ্রামের মধ্যে তিনটিতেই পরিবর্তন আনা হয়েছে প্রার্থীপদে।
২০২১ সালে এই ৪টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল। তবে এবার নয়াগ্রাম ছাড়া বাকি তিন কেন্দ্রে বিদায়ী বিধায়কদের আর টিকিট দেয়নি দল। নয়াগ্রামে আগের মতোই প্রার্থী করা হয়েছে দুলাল মুর্মুকে। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে ঝাড়গ্রাম থেকে সরিয়ে বিনপুরে প্রার্থী করা হয়েছে। ঝাড়গ্রামে নতুন মুখ মঙ্গল সোরেন এবং গোপীবল্লভপুরে অজিত মাহাতকে প্রার্থী করেছে তৃণমূল। এই সিদ্ধান্তের ফলে বাদ পড়েছেন গোপীবল্লভপুরের খগেন্দ্রনাথ মাহাত ও বিনপুরের দেবনাথ হাঁসদা। একইসঙ্গে বাঁকুড়াতেও টিকিট পাননি বিদায়ী মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। জঙ্গলমহলে সাম্প্রতিক সময়ে সংগঠনের দুর্বলতা ও জনসংযোগে ঘাটতির অভিযোগ সামনে আসায় এই পরিবর্তনের পথে হাঁটা হয়েছে বলে জানা গেছে। এদিকে, ঝাড়গ্রামের বিনপুরে সভা থেকে বিরোধী বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, জঙ্গলমহলে সংগঠন মজবুত করতে ও ভোটব্যাঙ্ক ধরে রাখতে আগেভাগেই কৌশল পাল্টাচ্ছে তৃণমূল।
এ প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূলের কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘বিজেপি যদি তাদের রাজ্য সব মহিলাকে একমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে আর ভোট চাইতেই আসব না। বিজেপি যখন প্রচারে আসছে, তখন জানতে চান ৫ বছর কী কাজ করেছে আদিবাসীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মহিলাদের ১৭০০ টাকা করে দিচ্ছে। বাংলায় ভোট বলে লোক দেখানো পেট্রলের দাম কমেছে। যেদিন ভোট শেষ হবে গ্য়াসের দাম দু’হাজার টাকা হবে। পেট্রলের দাম দুশো টাকা হবে। মোদী বাংলায় এসে ঘোষণা করুন আগামী পাঁচ বছর পেট্রল, গ্যাসের দাম বাড়বে না। আমরা প্রার্থীপদ প্রত্যাহার করে নেব’।







