মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় ধাক্কা খেল ‘কিং’ ছবির শুটিং। শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত এই সিনেমার দুবাই শিডিউল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
সম্প্রতি ইরান বনাম অ্যামেরিকা- ইসরায়েল সংঘাত ঘিরে উত্তেজনা চরমে উঠেছে মধ্যপ্রাচ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সংঘাতের জেরে একাধিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে দুবাই-সহ সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শুটিং শিডিউল নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। জানা গিয়েছে, ‘কিং’ ছবির পরবর্তী গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল দুবাইয়ের মরুভূমিতে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে মুম্বইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে একই সেট তৈরি করে শুটিং চালানো হবে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কারণ, প্রায় তিন বছর পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাঙ্কি’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘কিং’ নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। এই ছবিতে কিং খানের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুহানা খান ও অনিল কাপুর। পাশাপাশি রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াট, সৌরভ শুক্লা, অভয় ভার্মা ও রাঘব জুয়েল। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের সপ্তাহান্তে মুক্তি পাবে ‘কিং’। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি যে ছবির শিডিউলে প্রভাব ফেলেছে, তা বলাই বাহুল্য।







