রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি শুরু করল স্কুল শিক্ষা দফতর। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম, সিলেবাস, পাঠ্যবই এবং মূল্যায়ন পদ্ধতি নতুন করে পর্যালোচনা করতে গঠন করা হয়েছে একটি উচ্চপর্যায়ের Syllabus-cum-Curriculum Committee। জাতীয় শিক্ষানীতি (NEP-2020) এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামো (NCF)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এই কমিটির মূল লক্ষ্য।
কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. দেবাশিস চট্টোপাধ্যায়। সদস্য-সচিব হয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবং সহকারী সদস্য-সচিব অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায়। পাশাপাশি প্রতিটি বিষয়ের জন্য আলাদা সাব-কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ এবং বিষয় বিশেষজ্ঞরা থাকবেন।
শুধু পাঠ্যবই পরিবর্তন নয়, শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়েও সুপারিশ করবে এই কমিটি। পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন, শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, অডিও-ভিজ্যুয়াল শিক্ষাদান এবং আন্তর্জাতিক মানের শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত দেওয়া হবে।
এবার মুখস্থনির্ভর শিক্ষার বদলে ধারণাভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের কৌতূহল, সৃজনশীলতা, যুক্তিবোধ ও বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার পাশাপাশি প্রাইভেট টিউশনের উপর নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাকে আরও কার্যকর করার পরিকল্পনাও রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী মূল্যায়ন পদ্ধতির সুপারিশও করবে কমিটি।
জানা গিয়েছে, প্রথম বৈঠকের দু’মাসের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট এবং তার তিন মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই রাজ্যের স্কুলশিক্ষার নতুন সিলেবাস ও পাঠ্যক্রমে কী ধরনের পরিবর্তন আনা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল শিক্ষা দফতর। নতুন এই উদ্যোগে রাজ্যের শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।







