অশ্লীলতার অভিযোগে বিতর্কের মুখে পড়ে অবশেষে বাদশাকে হাজিরা দিতে হল জাতীয় মহিলা কমিশনের দফতরে। মঙ্গলবার কমিশনের তলব মেনে সশরীরে উপস্থিত হয়ে নিজের গানের বিষয়বস্তুর জন্য লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন জনপ্রিয় এই র্যাপার।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর গান ‘তাতীরি’ ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। অভিযোগ, গানের লিরিক্স ও ভিডিওতে নারীদের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি হরিয়ানায় এই গানের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। বাড়তে থাকা চাপের মুখে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়।কমিশনের সামনে হাজির হয়ে শুধু দুঃখপ্রকাশেই থেমে থাকেননি বাদশা। বরং নিজের ভাবমূর্তি পুনর্গঠনে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি দাবি করেছেন, আগামী ৪ মাসের মধ্যে নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে একটি নতুন গান প্রকাশ করবেন। পাশাপাশি ৫০ জন কন্যাসন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেছেন। মহিলাদের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগে অর্থ সংগ্রহের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। বাদশার আইনজীবীর দাবি, শিল্পী ভবিষ্যতে বিষয়বস্তুর ক্ষেত্রে আরও সংবেদনশীল থাকবেন এবং কমিশনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। তবে এই ঘটনায় আবারও সামনে এসেছে বিনোদন জগতে নারীদের উপস্থাপন নিয়ে চলতে থাকা বিতর্ক। আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় ‘ইন্ডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট, ১৯৮৬’, তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ২৯২ ও ২৯৪ ধারায় বিষয়টি খতিয়ে দেখা হতে পারে।







