বিধানসভার পর এবার লোকসভাতেও বড়সড় ভাঙনের মুখে তৃণমূল। দীর্ঘদিনের জল্পনাকে সত্যি করে বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি জমা দিয়েছেন। সূত্রের দাবি, দলের মোট ২৮ জন সাংসদের মধ্যে অন্তত ২০ জন ওই চিঠিতে সই করেছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে পরিষদীয় দলের পর সংসদীয় দলের নিয়ন্ত্রণও ‘আসল তৃণমূল’-এর হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে জোর চর্চা, বিদ্রোহী সাংসদের সংখ্যা আরও বেড়ে ২১-এ পৌঁছতে পারে।
রাজ্যে সরকার পরিবর্তনের এক মাসের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দলের দখল হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনই তাঁর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সেই ঘটনার পর থেকেই শোনা যাচ্ছিল, একই ছবি দেখা যেতে পারে সংসদীয় দলেও। এরই মধ্যে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও পরিস্থিতির বদল ঘটেনি। রাজধানীতে তাঁদের উপস্থিতির মধ্যেই কার্যত ভেঙে পড়ল তৃণমূলের সংসদীয় ঐক্য।
রবিবার দিল্লিতে তৃণমূলের অন্তত ২১ জন অসন্তুষ্ট সাংসদের একটি গোপন বৈঠক হয়। সেখানে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, আবু তাহের খান, সুখেন্দু শেখর রায়, শর্মিলা সরকার, খলিলুর রহমান ও জগদীশ বর্মা বসুনিয়াসহ একাধিক সাংসদ উপস্থিত ছিলেন। সোমবার সকালে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে পৌঁছন এই বিদ্রোহী শিবিরের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তখনই স্পষ্ট হয়ে যায় যে বঙ্গ রাজনীতিতে নতুন কোনও বড় পদক্ষেপ আসন্ন।
বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই লোকসভার স্পিকারের কাছে চিঠি জমা দেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সাংসদরা আর তৃণমূলের সঙ্গে থাকতে আগ্রহী নন এবং তাঁরা এনডিএ-র সঙ্গে কাজ করতে চান। পাশাপাশি স্পিকারের কাছে তাঁদের অনুরোধ, লোকসভায় যেন এনডিএ শিবিরের সঙ্গে বসার অনুমতি দেওয়া হয়। এর ফলে সংসদীয় দলেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিদ্রোহী গোষ্ঠী কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসেবে দেখতে চাইছে। নিয়ম অনুযায়ী স্পিকারের স্বীকৃতি মিললে লোকসভায় তৃণমূলের নেতৃত্বে বড় রদবদল ঘটতে পারে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতার পদ হারাতে পারেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভবিষ্যতে জোড়াফুল প্রতীক নিয়েও টানাপোড়েন শুরু হতে পারে। নিজের হাতে গড়া দলের প্রতীক ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে।
এই প্রসঙ্গে সাংসদ শর্মিলা সরকার বলেন, “এটি কোনও একদিনের ক্ষোভের ফল নয়। দীর্ঘদিনের অসন্তোষ থেকেই আমরা আলাদা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভিতরে নানা সমস্যা ও অভিযোগ জমে ছিল। আজ ২০ জন সাংসদ একসঙ্গে এসে সেই অবস্থান স্পষ্ট করেছেন। আমরা এনডিএকে সমর্থন করার জন্য পৃথক ব্লক গঠন করেছি।”
দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও দাবি করেন, “রাজ্যে প্রত্যাশিত উন্নয়ন হচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এখনও শ্রদ্ধা করি। চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছিলাম আদর্শের টানে। কিন্তু কাজ করতে গিয়ে শুরু থেকেই নানা বাধার মুখে পড়তে হয়েছে। সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল প্রবল। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বিভিন্নভাবে হেনস্তাও করা হয়েছে। কাটোয়ায় দুর্নীতি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পাঠিয়েছিলাম। কিন্তু সেই রিপোর্টই অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের হাতে পৌঁছে যায়। ফলে সাংসদ তহবিলের কাজও সঠিকভাবে করতে পারিনি।”







