খেলাধুলা

অভিষেক টেস্টেই মানবের ঘূর্ণি জাদু, আফগানিস্তানকে ৩০০ রানে উড়িয়ে দিল ভারত

দেশের জার্সিতে প্রথমবার টেস্ট ম্যাচ খেলতে নেমেই নজর কাড়লেন মানব সুথার। নিজের ঘরের মাঠে স্বপ্নের অভিষেকে বাঁহাতি স্পিনারের দুরন্ত বোলিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে আফগানিস্তানের ব্যাটিং বিভাগ। মাত্র চার সেশনের মধ্যেই দু’বার অলআউট হয় হাশমাতুল্লা শাহিদির দল। ফলে ৩০০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত। যদিও ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, তবু শ্রীলঙ্কা সিরিজের আগে এই দাপুটে জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

রবিবার দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তান পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সেই চাপ আরও বাড়িয়ে দেন অভিষেককারী মানব সুথার। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনেই তিনি তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। তৃতীয় দিনের সকালেও তাঁর স্পিনে নাজেহাল হয় আফগান ব্যাটাররা। আরও চারটি উইকেট শিকার করে ইনিংসে মোট ৬ উইকেট নেন তিনি। ২২ ওভারে মাত্র ৩৩ রান খরচ করে এই কীর্তি গড়েন মানব। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে ৫৬৪ রানের জবাবে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। এরপর ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল।

দ্বিতীয় ইনিংসেও আফগানদের প্রতিরোধ খুব একটা চোখে পড়েনি। মানব সুথার সেখানে আরও একটি উইকেট নেন। অন্যদিকে কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরও স্পিন আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুলদীপ তিনটি এবং ওয়াশিংটন চারটি উইকেট তুলে নিয়ে আফগানদের দ্বিতীয় ইনিংস দ্রুত শেষ করে দেন।

এই টেস্টে আফগানিস্তানের ব্যাটিং পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ওপেনার সিদ্দিকুল্লা অটল ৪২ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তা যথেষ্ট ছিল না। রহমানুল্লা গুরবাজও করেন ২৪ রান। কিন্তু দলের বেশিরভাগ ব্যাটারের মধ্যেই লড়াই করার মানসিকতা দেখা যায়নি। ভুল ডিআরএস নেওয়া, উইকেট ছুড়ে দেওয়া এবং প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়াই আফগান দলের পারফরম্যান্সের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.