ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনের ঘটনায় এবার গ্রেফতার হলেন আরও এক ব্যক্তি। কাশিপুর থানার পুলিশের হাতে ধরা পড়েছেন রফিকুল খান নামে এক যুবক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নতুন মসজিদ এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গভীর রাতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত রফিকুল খান মূলত রাজ্জাক খানের প্রতিবেশী। অভিযোগ, তিনি আইএসএফ পার্টির সক্রিয় কর্মী। এই ঘটনায় রাজনৈতিক রং চড়েছে নতুন করে। রফিকুল খানের শালা আবুল কালাম মন্ডলের দাবি, “আমার বোনাই আইএসএফ করে বলেই তাকে ফাঁসানো হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। পুলিশ কোনও নোটিশ ছাড়াই হঠাৎ এসে গভীর রাতে তাকে তুলে নিয়ে যায়।”
উল্লেখ্য, রাজ্জাক খান খুনের পর একের পর এক গ্রেফতারে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়-সহ বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই এই মামলায় মূলচক্রী মোফাজ্জেল মোল্লার ঘনিষ্ঠদের গ্রেফতার করেছে পুলিশ। এবার প্রতিবেশী এবং আইএসএফ কর্মীর গ্রেফতারি এই তদন্তকে আরও জটিল করে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে পুলিশ সূত্রে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর তদন্তকারীদের।







