নিজস্ব সংবাদদাতা : গত বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় । এরপর বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে অভিযোগ উঠেছে,ওই নাবালকের অস্বাভাবিক মৃত্যু র্যাগিংয়ের কারণেই ঘটেছে । যদিও পুলিশ ওই ঘটনার এক সপ্তাহের মধ্যে মোট সাত জনকে গ্রেফতার করেছে।তাদের মধ্যে ২ জন আবার প্রাক্তন ছাত্র। আর বাকিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাশাপাশি তারা মেন হস্টেলের আবাসিক।
এবার যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব করা হয়েছে লালবাজারে। পুলিশ সূত্রে খবর,আজ বুধবার দুপুর ৩টেয় তাঁদের তলব করা হয়েছে। এর পাশাপাশি আজ বিকেল ৫টাতেই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়ে জরুরি বৈঠকে বসবেন,এমনটাই সূত্রের খবর ।






