বলিউডের ঝলমলে উপস্থিতিতে জমে উঠেছিল শিল্পপতি পরিবারের বিশেষ উদ্যাপন। অনন্ত অম্বানী-র ৩১তম জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল একাধিক অনুষ্ঠানের, যার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভজনের আসর। আর সেই আসরেই এক অনন্য মুহূর্ত তৈরি করলেন কৈলাশ খের, শাহরুখ খান ও রণবীর সিংহ।
১০ এপ্রিল জন্মদিন হলেও উদ্যাপন শুরু হয়ে গিয়েছিল কয়েক দিন আগেই। বিশেষ সন্ধ্যায় ভজন পরিবেশন করতে মঞ্চে ওঠেন কৈলাশ খের। তাঁর কণ্ঠে শিবস্তোত্র শুরু হতেই পরিবেশ যেন অন্য মাত্রা পায়। ভক্তিমূলক সুরের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিরাও যোগ দেন আনন্দে আর সেখানেই দেখা যায় শাহরুখ ও রণবীরকে। কালো পোশাকে, মাথায় পাগড়ি পরে শাহরুখ খানের স্বতঃস্ফূর্ত নাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে রণবীর সিংহও নিজের স্বভাবসিদ্ধ এনার্জিতে পুরো আসর মাতিয়ে তোলেন। তাঁর পরনেও ছিল কালো পোশাক, সঙ্গে নজরকাড়া অ্যাকসেসরিজ, যা অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এই ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে ‘দুই কিং’কে নিয়ে। দীর্ঘদিন ধরে বলিউডের ‘কিং’ হিসেবে পরিচিত শাহরুখ খান। তবে সাম্প্রতিক সাফল্যের জেরে রণবীর সিংহকেও অনেক অনুরাগী একই তকমা দিতে শুরু করেছেন। সেই প্রেক্ষিতে শিবস্তোত্রের সুরে তাঁদের একসঙ্গে নাচ, দর্শকদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। সব মিলিয়ে, অনন্ত অম্বানীর জন্মদিনের এই অনুষ্ঠান শুধু তারকাদের উপস্থিতিতেই নয়, বরং ভক্তি ও বিনোদনের মিশেলে তৈরি এক স্মরণীয় মুহূর্ত হিসেবেই জায়গা করে নিয়েছে।







