বিনোদন

রাহুল মৃত্যুর পর টলিউডে ভোটে সিদ্ধান্ত, কারা কাজ করবেন ম্যাজিক মোমেন্টসের সঙ্গে

টলিউডে নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে জোর চর্চার মধ্যেই রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। অভিনেতা-কলাকুশলীদের মতামতের ভিত্তিতে ভোটাভুটির মাধ্যমে ঠিক করা হয়েছে, কে ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী, আর কে নন।

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর ১৪ দিন কেটে গেলেও রহস্যের জট এখনও কাটেনি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও শ্যুটিং সেটে নিরাপত্তা বাড়ানোর দাবিতে এর আগে ৭ই এপ্রিল প্রথম বৈঠকে বসেছিল আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন। সেই ধারাবাহিকতাতেই ফের টেকনিশিয়ান স্টুডিয়োতে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, এই ভোটাভুটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের ভিত্তিতে হয়েছে। কেউ যদি সংশ্লিষ্ট প্রযোজকদের সঙ্গে কাজ করতে চান, তাতে ফোরামের কোনও আপত্তি নেই। কারণ, টলিউডে ‘ব্যান’ বা ‘বয়কট’-এর সংস্কৃতি নেই, এই অবস্থানেই অনড় শিল্পী মহল।

তবে নিরাপত্তা ইস্যুতে আপস নয়। নতুন করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির কাজ চলছে বলেও আশ্বাস দেন তিনি। লক্ষ্য—শুটিং সেটে অভিনেতা ও কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করা। এই ঘটনার প্রভাব পরেছে ইন্ডাস্ট্রির চলতি প্রকল্পগুলিতেও। ‘চিরসখা’ ও ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কারণ, প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ওঠা অভিযোগে অনেকেই কাজ করতে অনিচ্ছুক।
সব মিলিয়ে, রাহুলের মৃত্যুর পর টলিউডে যে নিরাপত্তা ও দায়বদ্ধতার প্রশ্ন উঠে এসেছে, তা এখন শিল্পী সমাজের কেন্দ্রীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.