আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে থেকেই সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসমুক্ত ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
জেলা জুড়ে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ ও এরিয়া ডমিনেশন, যাতে ভোটের আগে থেকেই এলাকায় নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া যায়। প্রশাসনের দাবি, কোনওভাবেই ছাপ্পা ভোট বা কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটারদের ভয় দেখানো বা বাধা দেওয়ার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানান, পুরো নির্বাচনী প্রক্রিয়া নজরদারিতে রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথ চিহ্নিত করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বসানো হবে সিসিটিভি ক্যামেরা। কোথাও কোথাও একাধিক ক্যামেরা ও কুইক রেসপন্স টিম মোতায়েন থাকবে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের ক্ষেত্রেও। ৮৫ বছরের ঊর্ধ্বে এবং অসুস্থ ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি, সীমান্ত এলাকাগুলিতে বাড়তি কড়াকড়ি করে ভোটের আগেই সিল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এবারের নির্বাচনে এক হাজারেরও বেশি মহিলা পরিচালিত বুথ থাকছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশন একযোগে কড়া প্রস্তুতি নিচ্ছে।







