এই মুহূর্তে দিঘায় রয়েছেন বহু পর্যটক। লম্বা ছুটি পেয়েছেন অনেকেই। ভাইফোঁটা পার হতেই দুর্যোগের কালো মেঘে ঢেকে গেল বঙ্গের আকাশে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন টাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর । এবার এই নিয়ে পর্যটকদের সচেতন করতে বৃহস্পতিবার সকাল থেকেই করা হচ্ছে মাইকিং। শুধু তাই নয়, সমুদ্র স্নান না করার জন্য সতর্ক করা হচ্ছে পর্যটকদের।
দিঘা, কাঁথি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। বুধবার রাতে উপকূলবর্তী এলাকায় ছিটেফোটা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৬২০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। দিঘা উপকূল থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে। ১৬ নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর তা ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। আর যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্য তৎপর প্রশাসন। দিঘায় করা হচ্ছে মাইকিং।







