রাজ্যে প্রথম দফার নির্বাচন ঘিরে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ভোটের দিন কোথাও অশান্তি, গুলি, বোমাবাজি বা অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সাসপেনশনও।
নির্বাচনের আগে সব থানার ওসি ও আইসিদের নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক করে ভারত নির্বাচন কমিশন। যে সব এলাকায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে, সেই সব থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিশেষভাবে ডাকা হয়েছিল। বৈঠকে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট করানো নিয়েই জোর দেওয়া হয়।
কমিশনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর সময় যাঁরা অশান্তির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে এখনও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়েও পুলিশের জবাবদিহি চাওয়া হয়েছে।
কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে—ভোটের দিন কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও সতর্ক ও সক্রিয় থাকতে হবে। কোথাও অশান্তির ঘটনা ঘটলে শুধু দুষ্কৃতীদের বিরুদ্ধেই নয়, দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধেও কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনের এই কড়া অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে প্রশাসনের সব স্তরে।







