বলিউডের সুপারস্টার সালমান খানের কেরিয়ার এই মুহূর্তে যেন সাফল্যের চূড়ায়। একদিকে আসন্ন ছবি ‘মাতৃভূমি’র শ্যুটিং, অন্যদিকে দক্ষিণী সুপারস্টার নয়ন্থারার সঙ্গে নতুন প্রজেক্ট, সব মিলিয়ে ব্যস্ত সূচির মাঝেও ভক্তদের জন্য এলো বড় চমক। এবার রীতেশ দেশমুখ পরিচালিত ও অভিনীত ঐতিহাসিক ছবি ‘রাজা শিবাজি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাইজানকে।
এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন ছবির নির্মাতা রীতেশ দেশমুখ। আগামী ১ মে মুক্তির আগে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা। বিশেষ করে, বিগ বস মারাঠি সিজন ৬-এর মঞ্চে এই চমকপ্রদ তথ্য সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। যদিও ছবিতে সলমনের চরিত্র সম্পর্কে এখনো খোলসা করা হয়নি, তবুও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। অনেকেই মনে করছেন, তাঁকে কোনও শক্তিশালী ঐতিহাসিক চরিত্রে দেখা যেতে পারে। আবার কেউ কেউ অনুমান করছেন, গল্পে বড় মোড় আনতে পারে এমন একটি বিশেষ ভূমিকায় হাজির হবেন তিনি।
‘রাজা শিবাজি’ মূলত ছত্রপতি শিবাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত। ২০শে এপ্রিল মুম্বইয়ে ধুমধাম করে ছবির ট্রেলার লঞ্চের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই বেশি থাকে, আর তার সঙ্গে সলমন খানের উপস্থিতি ছবির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। কমেডি চরিত্রে পরিচিত রীতেশ দেশমুখ এই ছবিতে এক ভিন্ন অবতারে হাজির হচ্ছেন। ফলে, ‘রাজা শিবাজি’ শুধু ইতিহাসভিত্তিক গল্প নয়, বরং স্টার পাওয়ার ও নতুন চমকের মিশেলে এই বছরের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হতে চলেছে।







