সব্যসাচী গুছাইত, পশ্চিম মেদিনীপুর: বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ৪ নম্বর করকাই গ্রাম পঞ্চায়েতের দেওড়া গ্রামে। মৃতের নাম সুবল পাত্র (৬৫)।
জানা গিয়েছে, সোমবার বিকেলে চাষের জমিতে কাজ করার সময় আচমকাই বাজ পড়ে সুবলবাবুর উপর। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে রাতেই দেওড়া গ্রামে পৌঁছায় পিংলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। গ্রামবাসীদের একাংশের দাবি, বাজ পড়ার সময় কৃষকদের সতর্ক করতে আরও আধুনিক ব্যবস্থা প্রয়োজন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।







