আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ, বাঁহাতি পেসার Shapoor Zadran এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে। বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ৩৮ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার।
চলতি বছরের জানুয়ারিতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ভারতে নিয়ে আসা হয় জাদরানকে। প্রথমে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হলেও, পরবর্তীতে সংক্রমণ ফের বাড়তে থাকায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক সূত্রে খবর, বর্তমানে তিনি এইচএলএইচ রোগের চতুর্থ পর্যায়ে রয়েছেন এবং তাঁর শ্বেত রক্তকণিকার পরিমাণ বিপজ্জনকভাবে কমে গিয়েছে।
এই বিরল রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে, যার ফলে হাড়, যকৃৎ, প্লিহা এবং লিম্ফনোডসহ শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসা জটিল এবং দীর্ঘমেয়াদি হওয়ায় পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে।
জাদরানের চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান মিরওয়াইস আশরাফ যোগাযোগ করেন Jay Shah-এর সঙ্গে। পাশাপাশি আফগানিস্তানের তারকা অলরাউন্ডার Rashid Khan কথা বলেন Gujarat Titans ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সম্মিলিত প্রচেষ্টায় অতি দ্রুত ভারতীয় ভিসা ও চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়।
৬ ফুট ২ ইঞ্চি লম্বা, লম্বা চুল উড়িয়ে গতি ও আগ্রাসনে ব্যাটসম্যানদের চাপে ফেলা—এই ছিল জাদরানের পরিচয়। প্রায় এক দশক আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আততায়ীর গুলির হাত থেকেও অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন তিনি। সেই লড়াকু ক্রিকেটারই আজ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন—যা দেখে গভীরভাবে মর্মাহত ক্রিকেট বিশ্ব।
সোশাল মিডিয়ায় তাঁর অসুস্থতার ছবি ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দেশ-বিদেশের বহু ক্রিকেটার ও সমর্থক তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
এই কঠিন সময়ে গোটা ক্রিকেট মহল একসুরে বলছে—লড়াইটা এখনও শেষ হয়নি। মাঠের মতোই জীবনের এই ম্যাচেও ঘুরে দাঁড়াক শাপুর জাদরান।







